ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
দ্য হান্ড্রেডের এক ম্যাচেই ৪১৮ রানের রেকর্ড
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: শনিবার, ২৫ জুলাই, ২০২৬, ১১:৩৯ এএম
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

ইংল্যান্ডের ঘরোয়া ১০০ বলের ক্রিকেট প্রতিযোগিতা ‘দ্য হান্ড্রেড’-এর নতুন আসরের শুরুতেই গড়ে উঠল চোখধাঁধানো এক রেকর্ড। বার্মিংহ্যাম ফোনিক্স ও ট্রেন্ট রকেটের মধ্যকার ম্যাচে দুই দল মিলিয়ে হয়েছে ৪১৮ রান, যা টুর্নামেন্টের ইতিহাসে সর্বোচ্চ। একই সঙ্গে প্রথমবারের মতো একটি ম্যাচে দুই দলই দুইশ রানের গণ্ডি পেরিয়েছে।

এর আগে দ্য হান্ড্রেডে এক ম্যাচে সর্বোচ্চ মোট রান ছিল ৩৯৭। ২০২৩ সালে ওভালে ম্যানচেস্টার ওরিজিনালস ও সাউদার্ন ব্রেভের ম্যাচে সেই রেকর্ড গড়েছিল।

শুক্রবার (২৪ জুলাই) দিবাগত রাতে নিজেদের মাঠে আগে ব্যাট করতে নেমে দুর্দান্ত শুরু করে বার্মিংহ্যাম ফোনিক্স। উদ্বোধনী জুটিতে জো ক্লার্ক ও উইল স্মিড মাত্র ৪৯ বলে যোগ করেন ১০৪ রান। দুজনই তুলে নেন অর্ধশতক। স্মিড ২৮ বলে ৫১ রান করে ফিরলেও ক্লার্ক ৩৩ বলে করেন ৫৩ রান।

মধ্যক্রমে রেহান আহমেদ ২৫ বলে ৪৮ রানের কার্যকর ইনিংস খেলেন। শেষ দিকে ডোনোভান ফেরেইরা ৯ বলে ২২, মিচেল ওয়েন ৩ বলে ৬ এবং শেন ডিকসন ২ বলে ৮ রান যোগ করলে নির্ধারিত ১০০ বলে ৪ উইকেটে ২১৪ রান তোলে ফোনিক্স।

২১৫ রানের লক্ষ্য তাড়া করতে নেমেও দারুণ লড়াই করে ট্রেন্ট রকেট। উদ্বোধনী জুটিতে আসে ৬৫ রান। মাত্র ১৭ বলে ৪৩ রান করে আউট হন ওপেনার ফিন অ্যালেন। এদিকে ২৫ বলে ৪৯ রান করে থামেন আরেক ওপেনার বেন ডাকেট।

দুই ওপেনার বিদায় নেওয়ার পর টম ব্যান্টন শেষ পর্যন্ত লড়াই চালিয়ে যান। ৩২ বলে ৬৭ রানের ঝড়ো ইনিংস খেললেও দলকে জয়ের বন্দরে পৌঁছে দিতে পারেননি তিনি। নির্ধারিত ১০০ বল শেষে ৭ উইকেটে ২০৪ রান সংগ্রহ করে ট্রেন্ট রকেট।

ফলে ১০ রানের জয় নিয়ে টুর্নামেন্ট শুরু করে বার্মিংহ্যাম ফোনিক্স। তবে ফলাফলের চেয়েও আলোচনায় এসেছে ম্যাচটি, কারণ দ্য হান্ড্রেডের ইতিহাসে প্রথমবারের মতো একই ম্যাচে দুই দলই ২০০ রানের বেশি সংগ্রহ করেছে এবং মোট রান ৪০০ ছাড়িয়েছে।

এসএ


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝