ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শনিবার, ২৫ জুলাই ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
রাষ্ট্রপতি নির্বাচনের তফশিল শিগগির ঘোষণা: ইসি
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: শুক্রবার, ২৪ জুলাই, ২০২৬, ১১:২১ পিএম
X

নির্বাচন কমিশনার (ইসি) আব্দুর রহমানেল মাছউদ জানিয়েছেন, রাষ্ট্রপতি নির্বাচনের তফশিল দ্রুত ঘোষণা করা হবে। শুক্রবার (২৪ জুলাই) মো. সাহাবুদ্দিনের পদত্যাগের পর রাষ্ট্রপতির পদ শূন্য হওয়ায় গণমাধ্যমকে এ তথ্য জানান তিনি।

ইসি মাছউদ বলেন, সংবিধানের ১২৩ অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতির পদ শূন্য হওয়ার ৯০ দিনের মধ্যে নতুন রাষ্ট্রপতি নির্বাচন সম্পন্ন করতে হবে। তিনি বলেন, “রাষ্ট্রপতি আজ পদত্যাগ করেছেন। রাষ্ট্রপতি নির্বাচন আইন-১৯৯১ অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যেই নির্বাচন অনুষ্ঠিত হবে। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালন করবেন।”

তিনি আরও জানান, সংরক্ষিত নারী আসনের নির্বাচনের মতো করেই রাষ্ট্রপতি নির্বাচনের তফশিল ঘোষণা করা হবে। ভোটের প্রয়োজন হলে নির্বাচন অনুষ্ঠিত হবে। তবে একক প্রার্থী থাকলে তাকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হবে।

ইসি সূত্র জানায়, শনিবার সাপ্তাহিক ছুটি থাকায় কমিশনের কার্যক্রম বন্ধ থাকবে। আগামী রোববার অথবা পরবর্তী সময়ে রাষ্ট্রপতি নির্বাচনের তফশিলের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

বিদ্যমান সংবিধান অনুযায়ী জাতীয় সংসদের ৩৫০ জন সদস্য রাষ্ট্রপতি নির্বাচনের ভোটার। তাদের নিয়েই ভোটার তালিকা প্রস্তুত করবে নির্বাচন কমিশন। এরপর ঘোষণা করা হবে নির্বাচনের তফশিল।

এর আগে শুক্রবার বিকেলে এক জরুরি সংবাদ ব্রিফিংয়ে জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ জানান, রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের স্বাক্ষর করা পদত্যাগপত্র বিকেল ৫টার দিকে তার কাছে জমা দেওয়া হয়েছে।

স্পিকার বলেন, “আমি পদত্যাগপত্র গ্রহণ করেছি। সংবিধানের ৫৪ অনুচ্ছেদ অনুযায়ী আমি রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেছি।”

রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগের কারণ সম্পর্কে তিনি জানান, গুরুতর অসুস্থতা ও বিভিন্ন শারীরিক সমস্যার কারণে রাষ্ট্রপতির মতো গুরুত্বপূর্ণ সাংবিধানিক দায়িত্ব পালনে তিনি অসামর্থ্য হওয়ায় পদত্যাগ করেছেন।

মো. সাহাবুদ্দিন ২০২৩ সালের ২৪ এপ্রিল দেশের ২২তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন। আওয়ামী লীগের মনোনয়নে তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছিলেন।

আরএন


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝