মেডিকেল ভর্তি পরীক্ষা নিট-ইউজি (NEET-UG)-এর প্রশ্নফাঁস, পরীক্ষা-সংক্রান্ত অনিয়ম এবং কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ বা অপসারণের দাবিতে মোদী সরকারকে ২৪ ঘণ্টার আলটিমেটাম দিয়েছে আন্দোলনকারী সংগঠন ককরোচ জনতা পার্টি (সিজেপি)।
সংগঠনটির দাবি, নির্ধারিত সময়ের মধ্যে তাদের মূল দাবি পূরণ না হলে আগামী দিনে ২০ জুলাইয়ের কর্মসূচির চেয়েও বৃহত্তর আন্দোলনের ডাক দেওয়া হবে।
শুক্রবার (২৪ জুলাই) দিল্লির কনস্টিটিউশন ক্লাব অব ইন্ডিয়া-তে কেন্দ্রীয় সরকারের প্রতিনিধিদের সঙ্গে প্রায় দুই ঘণ্টাব্যাপী দ্বিতীয় দফার বৈঠক শেষে সিজেপির পক্ষ থেকে এ ঘোষণা দেওয়া হয়।
সরকারের পক্ষে বৈঠকে অংশ নেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জে. পি. নাড্ডা ও কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং। অন্যদিকে সিজেপির প্রতিনিধিত্ব করেন সংগঠনটির জাতীয় মুখপাত্র সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কা।
তিন দফা দাবি
বৈঠক শেষে সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কা জানান, তারা কেন্দ্রীয় সরকারের কাছে তিনটি প্রাথমিক দাবি এবং শিক্ষা ব্যবস্থার স্থায়ী সংস্কারের লক্ষ্যে পাঁচ দফা এজেন্ডা লিখিতভাবে উপস্থাপন করেছেন।
তাদের তিনটি প্রধান দাবি হলো—
১. কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের অবিলম্বে পদত্যাগ বা তাকে মন্ত্রিসভা থেকে অপসারণ।
২. নিট-ইউজি পরীক্ষার অনিয়ম ও প্রশ্নফাঁসের ঘটনায় আত্মহত্যা করেছেন বলে দাবি করা শিক্ষার্থীদের পরিবারকে উপযুক্ত আর্থিক ক্ষতিপূরণ প্রদান।
৩. আন্দোলনরত শিক্ষার্থীদের বিরুদ্ধে দায়ের করা সব এফআইআর ও আইনি মামলা প্রত্যাহার এবং ভবিষ্যতে এ ধরনের নতুন মামলা না করার সরকারি নিশ্চয়তা।
সিজেপির দাবি, আলোচনায় কেন্দ্রীয় সরকার দ্বিতীয় ও তৃতীয় দাবির বিষয়ে নীতিগত সম্মতি জানিয়েছে। তবে শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবির বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানাতে সরকার শনিবার (২৫ জুলাই) দুপুর পর্যন্ত সময় চেয়েছে।
এ বিষয়ে পরবর্তী আলোচনার জন্য শনিবার বিকেল সাড়ে ৩টায় উভয় পক্ষের মধ্যে আরেক দফা বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
তবে সিজেপি জানিয়েছে, শিক্ষামন্ত্রীর পদত্যাগ বা অপসারণের বিষয়ে সিদ্ধান্ত না হলে শিক্ষা সংস্কারসংক্রান্ত পাঁচ দফা এজেন্ডা নিয়ে তারা আর কোনো আলোচনায় অংশ নেবে না।
সূত্র: দ্য হিন্দু
আরএন