রাজধানীর মতিঝিল মেট্রোরেল স্টেশনের নিচ থেকে বোমা সদৃশ বেশ কয়েকটি বস্তু উদ্ধার করা হয়েছে। এর মধ্যে দুটি বস্তু নিষ্ক্রিয় করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের বোম্ব ডিসপোজাল টিম। বস্তু নিষ্ক্রিয় করার সময় মেট্রোরেল স্টেশন এলাকায় বিকট বিস্ফোরণের শব্দ শোনা যায়।
শুক্রবার (২৪ জুলাই) রাত ৮টা ১৫ মিনিটে বিষয়টি নিশ্চিত করেন মতিঝিল থানার পরিদর্শক (তদন্ত) আব্দুস সালাম।
তিনি জানান, এখন পর্যন্ত বোমা সদৃশ দুটি বস্তু নিষ্ক্রিয় করা হয়েছে। রাত ৭টার পর মতিঝিল মেট্রোরেল স্টেশনের নিচে বোমা থাকার খবর পায় পুলিশ। পরে ঘটনাস্থলে থানা পুলিশ ও সিটিটিসির বোম্ব ডিসপোজাল ইউনিট পৌঁছে উদ্ধারকাজ শুরু করে। বর্তমানে সেখানে আরও তল্লাশি ও নিষ্ক্রিয়করণের কাজ চলছে।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সূত্র জানায়, সন্ধ্যার পর কে বা কারা মেট্রোরেল স্টেশনের নিচে এসব বোমা সদৃশ বস্তু রেখে যায়। খবর পাওয়ার পর পুলিশ ও সিটিটিসির বোম্ব ডিসপোজাল ইউনিট ঘটনাস্থলে গিয়ে সেগুলো নিষ্ক্রিয় করার কাজ শুরু করে।
প্রাথমিকভাবে উদ্ধার হওয়া বস্তুগুলো বোমা নাকি ককটেল, তা নিশ্চিত হওয়া যায়নি। তবে নিষ্ক্রিয় করা দুটি বোমা সদৃশ বস্তুর ভেতরে ডিটোনেটর পাওয়া গেছে এবং এতে শক্তিশালী বিস্ফোরক থাকার তথ্য জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।
এদিকে, ঘটনাস্থল ঘিরে রেখেছে পুলিশ। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা বিভিন্ন আলামত সংগ্রহ করছেন। ঘটনার পর ওই এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
আরএন