রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগ করলেও আইন অনুযায়ী অবসরভাতার পাশাপাশি আরও বেশ কিছু রাষ্ট্রীয় সুযোগ-সুবিধা পাবেন সদ্য সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।
প্রচলিত বিধান অনুযায়ী, কোনো ব্যক্তি রাষ্ট্রপতি হিসেবে মেয়াদ পূর্ণ করলে অথবা কমপক্ষে ছয় মাস দায়িত্ব পালন করলে তিনি রাষ্ট্রপ্রধান হিসেবে সর্বশেষ পাওয়া বেতনের ৭৫ শতাংশ হারে মাসিক অবসরভাতা পাওয়ার অধিকারী হন।
বর্তমানে রাষ্ট্রপতির মাসিক বেতন ১ লাখ ২০ হাজার টাকা। সে হিসাবে মো. সাহাবুদ্দিন প্রতি মাসে ৯০ হাজার টাকা করে অবসরভাতা পাবেন।
দি প্রেসিডেন্টস (রেমিউনারেশন অ্যান্ড প্রিভিলেজেস) অ্যাক্ট, ১৯৭৫ অনুযায়ী, সাবেক রাষ্ট্রপতির জন্য অবসরভাতার পাশাপাশি আরও বেশ কিছু সুযোগ-সুবিধার বিধান রয়েছে।
আইন অনুযায়ী, সাবেক রাষ্ট্রপতি একজন ব্যক্তিগত সহকারী ও একজন অ্যাটেনডেন্ট বা সাহায্যকারী পাবেন। দাপ্তরিক কাজের জন্য সরকার নির্ধারিত অর্থও পাবেন তিনি।
এ ছাড়া সরকারি অনুষ্ঠানে যোগদানের জন্য বিনামূল্যে সরকারি যানবাহন ব্যবহারের সুবিধা থাকবে। নিজ বাসভবনে একটি টেলিফোন সংযোগ এবং সরকার নির্ধারিত সীমা পর্যন্ত বিল পরিশোধের সুবিধাও পাবেন সাবেক রাষ্ট্রপতি।
চিকিৎসার ক্ষেত্রেও একজন মন্ত্রীর সমপরিমাণ সুযোগ-সুবিধা পাবেন মো. সাহাবুদ্দিন। পাশাপাশি তিনি একটি কূটনৈতিক পাসপোর্টের অধিকারী হবেন।
দেশের অভ্যন্তরে ভ্রমণের সময় সরকারি সার্কিট হাউস বা রেস্ট হাউসে বিনাভাড়ায় অবস্থানের সুবিধাও পাবেন তিনি।
অর্থাৎ, রাষ্ট্রপতির পদ থেকে সরে দাঁড়ালেও আইন অনুযায়ী মাসিক অবসরভাতার পাশাপাশি ব্যক্তিগত সহকারী, সরকারি যানবাহন, চিকিৎসা সুবিধা, কূটনৈতিক পাসপোর্টসহ বিভিন্ন রাষ্ট্রীয় সুযোগ-সুবিধা আমৃত্যু ভোগ করবেন মো. সাহাবুদ্দিন।
-টিএস