ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
খুলনায় জলবায়ু স্থিতিস্থাপকতা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
✎ অবজারভার প্রতিনিধি
⏲ প্রকাশিত: মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬, ১০:২৩ পিএম
X

খুলনা মহানগরীর জলবায়ু স্থিতিস্থাপকতা কৌশল প্রণয়নের লক্ষ্যে ‘‘ভূমি ব্যবহার, আবাসন ও উন্মুক্ত স্থান’’ বিষয়ক পরামর্শ কর্মশালা আজ মঙ্গলবার সকালে নগরীর সিএসএস আভা সেন্টারে অনুষ্ঠিত হয়েছে। কেসিসি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জুর সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেডিএ’র চেয়ারম্যান এস এম শফিকুল আলম। কেসিসি, কেডিএ, কেএফডব্লিউ এবং প্রকল্পসংশ্লিষ্ট কর্মকর্তারা কর্মশালায় অংশগ্রহণ করেন।

বাংলাদেশ সরকার ও জার্মান উন্নয়ন ব্যাংক (কেএফডব্লিউ)-এর যৌথ অর্থায়নে খুলনা মহানগরীতে বাস্তবায়নাধীন ‘‘ক্লাইমেট চেঞ্জ অ্যাডাপ্টেড আরবান ডেভেলপমেন্ট প্রোগ্রাম (সিসিএইউডি) ফেজ-২’’ প্রকল্পের আওতায় দিনব্যাপী এ কর্মশালার আয়োজন করা হয়।

সভাপতির বক্তব্যে কেসিসি প্রশাসক বলেন, কেসিসি ও কেডিএ নগরীর উন্নয়নে কাজ করছে। উন্নয়নের জন্য ভূমির সঠিক ব্যবহার অত্যন্ত গুরুত্বপূর্ণ। অপরিকল্পিত উন্নয়ন আমাদের সবার জন্য ক্ষতিকর। তাই বাস্তবতার নিরিখে প্রকল্প গ্রহণ ও বাস্তবায়ন করতে হবে।

তিনি বলেন, নগরীতে সরকারি বিভিন্ন সংস্থার মালিকানাধীন অনেক জায়গা অব্যবহৃত অবস্থায় পড়ে আছে, যেখানে অপরিচ্ছন্ন পরিবেশ সৃষ্টি হয়েছে। রাজধানীর হাতিরঝিলের উদাহরণ তুলে ধরে তিনি বলেন, অব্যবহৃত জায়গাগুলো সঠিক পরিকল্পনার মাধ্যমে ব্যবহারের আওতায় আনা গেলে শহরে নান্দনিক পরিবেশ ফিরিয়ে আনা সম্ভব।

উল্লেখ্য, সিসিএইউডি প্রকল্পের আওতায় নগরীতে জলবায়ু সহনশীল অবকাঠামো উন্নয়ন, ড্রেনেজ ব্যবস্থার আধুনিকায়ন এবং বন্যা নিয়ন্ত্রণে কারিগরি ও প্রাতিষ্ঠানিক সহায়তা দেওয়া হচ্ছে। এছাড়া প্রকল্পের আওতায় দৌলতপুর ও মহেশ্বরপাশা শ্মশানঘাট এলাকায় নদীভাঙন ও বন্যা প্রতিরোধে টেকসই বেড়িবাঁধ ও রিটেইনিং ওয়াল নির্মাণ, শহরের চারটি গুরুত্বপূর্ণ প্রধান খাল পুনঃখনন, খালের দুই পাড় বাঁধাই ও সৌন্দর্যবর্ধন, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা এবং ভূগর্ভস্থ পানির স্তর ঠিক রাখতে শহরের প্রায় ১৭ থেকে ২৩টি সরকারি পুকুর পুনঃখনন ও সংস্কার, সোনাডাঙ্গা বাইপাস সড়ক এবং রূপসা নদীসংলগ্ন ড্রেনেজ নেটওয়ার্কের উন্নয়ন ও নতুন পাম্পিং স্টেশন স্থাপন এবং নগরীর বাস্তুহারায় দৃষ্টিনন্দন ও জলবায়ু সহনশীল পার্ক নির্মাণ করা হচ্ছে।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রশাসক আরও বলেন, শহরের সংযোগ সড়কগুলো দিয়ে প্রতিদিন কয়েক হাজার যানবাহন চলাচল করে। কিন্তু এসব সংযোগ সড়কের অবস্থা খুবই নাজুক। তিনি শহরের সীমানাসংলগ্ন খালের ওপর ছোট ছোট সেতু নির্মাণ এবং আবাসন প্রকল্পসহ যেকোনো সড়ক নির্মাণের সঙ্গে ড্রেন নির্মাণের ওপর গুরুত্বারোপ করেন।

নগরীর উন্নয়ন কোনো একক সংস্থার কাজ নয় উল্লেখ করে তিনি বলেন, উন্নয়ন সংস্থাগুলো একে অপরের প্রতিপক্ষ নয়, বরং পরিপূরক। এমন সমন্বিত বোঝাপড়ার মাধ্যমে সবাই মিলে কাজ করলে এ শহরে নান্দনিক পরিবেশ তৈরি করা কঠিন হবে না।

সম্মানিত অতিথির বক্তব্যে কেডিএ চেয়ারম্যান এস এম শফিকুল আলম বলেন, নগরীর আবাসন সংকট দূর করার জন্য কেডিএ দশটি আবাসিক এলাকার মাধ্যমে এ পর্যন্ত প্রায় চার হাজার প্লট বরাদ্দ দিয়েছে। পাশাপাশি সংস্থাটি নির্ধারিত নীতিমালার আলোকে বাড়ির নকশার অনুমোদন দিয়ে থাকে। সম্প্রতি নকশা অনুমোদনের ক্ষেত্রে প্রতিটি বাড়িতে সোলার সিস্টেম রাখা বাধ্যতামূলক করা হয়েছে।

তিনি জানান, নিরালা দীঘির পাড় বাঁধাই ও চারপাশে ওয়াকওয়ে নির্মাণ এবং দৌলতপুরের কল্পতরু মার্কেট ভেঙে একটি মিনি স্টেডিয়াম নির্মাণের উদ্যোগ নেওয়া হচ্ছে। আগামী প্রজন্মের জন্য মহানগরীকে বাসযোগ্য করতে হলে দখল হওয়া প্রাকৃতিক খাল পুনরুদ্ধারের কোনো বিকল্প নেই উল্লেখ করে তিনি এ বিষয়ে সিটি কর্পোরেশনকে উদ্যোগী হওয়ার এবং জেলা প্রশাসনকে সার্বিক সহযোগিতা প্রদানের আহ্বান জানান। কেসিসি ও কেডিএ যৌথভাবে কাজ করলে এ শহরকে একটি বাসযোগ্য নগরীতে পরিণত করা সম্ভব হবে বলেও তিনি উল্লেখ করেন।

কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কেসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা রাজিব আহমেদ, কেসিসির প্রধান প্রকৌশলী মশিউজ্জামান খান, কেডিএ’র প্রধান প্রকৌশলী কাজী সাবিরুল আলম এবং কেএফডব্লিউ’র আরবান সেক্টর স্পেশালিস্ট শেখ তৌহিদুর রহমান।

কর্মশালার বিষয়বস্তুর ওপর বক্তব্য দেন সিসিএইউডি প্রকল্পের আন্তর্জাতিক টিম লিডার শেখ মোহাম্মদ মেহেদী আহসান। স্বাগত বক্তব্য দেন প্রকল্প পরিচালক ও কেসিসির চিফ প্ল্যানিং অফিসার আবির উল জব্বার।

এসএস/আরএন


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝