নোয়াখালীর বেগমগঞ্জে নিষিদ্ধ ঘোষিত অবৈধ পলিথিন উৎপাদনের দায়ে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় কারখানা থেকে ১১৫ কেজি উৎপাদিত পলিথিন জব্দ করা হয়।
মঙ্গলবার বেগমগঞ্জ উপজেলার বিসিক শিল্পনগরীতে উপজেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের যৌথ অভিযানে এ জরিমানা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন বেগমগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাদাত হোসেন।
অভিযানে পরিবেশ অধিদপ্তর নোয়াখালীর সহকারী পরিচালক রায়হান মোর্শেদ, বেগমগঞ্জ মডেল থানার উপপরিদর্শক (এএসআই) মো. খুরশীদসহ পুলিশের একটি দল সহযোগিতা করে।
উপজেলা প্রশাসন জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বেগমগঞ্জ বিসিক শিল্পনগরীতে অভিযান পরিচালনা করা হয়। এ সময় বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫-এর ৬(ক) ধারা লঙ্ঘনের দায়ে আইনের ১৫(১) ধারায় ইমরান নামের এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
পাশাপাশি ‘কেবি প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং’ নামের কারখানার কার্যক্রম বন্ধ রাখার অঙ্গীকারনামা নেওয়া হয়েছে। অভিযানে জব্দ করা হয়েছে ১১৫ কেজি উৎপাদিত পলিথিন।
উপজেলা প্রশাসন জানিয়েছে, পরিবেশ রক্ষা ও জনস্বার্থে নিষিদ্ধ পলিথিন উৎপাদন ও ব্যবহার বন্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
এমআর/আরএন