ভারতের রাজধানী নয়াদিল্লিতে ককরোচ জনতা পার্টির (সিজেপি) শান্তিপূর্ণ কর্মসূচিতে পুলিশি বলপ্রয়োগ, বিক্ষোভকারীদের ওপর হামলা এবং দলটির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকের গ্রেফতারের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুব উইং জাতীয় যুবশক্তি।
সোমবার (২০ জুলাই) রাতে সংগঠনের সভাপতি অ্যাডভোকেট তারিকুল ইসলাম ও সেক্রেটারি ইঞ্জিনিয়ার ফরহাদ সোহেলের সই করা এক বিজ্ঞপ্তিতে এ উদ্বেগ জানানো হয়। একই সঙ্গে ঘটনার নিন্দা জানিয়ে ন্যায়সঙ্গত ও শান্তিপূর্ণ গণতান্ত্রিক আন্দোলনের প্রতি সংহতি প্রকাশ করেছে সংগঠনটি।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থায় শান্তিপূর্ণভাবে মতপ্রকাশ, সমাবেশ ও প্রতিবাদ করার অধিকার নাগরিকের মৌলিক স্বাধীনতার অংশ। যেকোনো মতপার্থক্যের সমাধান সংলাপ, আইনের শাসন ও গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে হওয়া উচিত; বলপ্রয়োগ বা দমনমূলক ব্যবস্থার মাধ্যমে নয়।
জাতীয় যুবশক্তির নেতারা বলেন, গণমাধ্যমে প্রকাশিত বিভিন্ন তথ্য অনুযায়ী, শিক্ষাব্যবস্থায় অনিয়ম ও পাবলিক পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে আয়োজিত কর্মসূচিতে অংশ নেওয়া তরুণ-তরুণীদের ওপর পুলিশ লাঠিচার্জ ও বলপ্রয়োগ করেছে এবং আন্দোলনের কয়েকজন নেতাকে আটক করা হয়েছে।
তারা বলেন, এসব তথ্য সঠিক হলে তা নাগরিক স্বাধীনতা ও গণতান্ত্রিক চর্চা নিয়ে উদ্বেগের জন্ম দেয়। তরুণদের কণ্ঠস্বর দমন না করে তাদের বক্তব্য শোনা এবং গঠনমূলক সংলাপের মাধ্যমে গণতন্ত্রকে আরও শক্তিশালী করা উচিত। তরুণদের ন্যায়সঙ্গত দাবি ও শান্তিপূর্ণ আন্দোলনের প্রতি সম্মান দেখানো প্রতিটি গণতান্ত্রিক রাষ্ট্রের দায়িত্ব বলেও মন্তব্য করেন তারা।
জাতীয় যুবশক্তির নেতারা ভারতের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি ঘটনার নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্ত নিশ্চিত করার আহ্বান জানান। একই সঙ্গে অপ্রয়োজনীয় বলপ্রয়োগের অভিযোগ পর্যালোচনা এবং শান্তিপূর্ণ রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার সাংবিধানিক পরিবেশ বজায় রাখতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার দাবি জানান তারা।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ককরোচ জনতা পার্টির আন্দোলনে অংশ নেওয়া তরুণ-তরুণীদের প্রতি গণতান্ত্রিক সংহতি প্রকাশ করছে জাতীয় যুবশক্তি। ন্যায়, জবাবদিহিতা, মানবাধিকার ও গণতান্ত্রিক মূল্যবোধের পক্ষে পরিচালিত শান্তিপূর্ণ আন্দোলন কোনো একটি দেশের অভ্যন্তরীণ বিষয়ের মধ্যে সীমাবদ্ধ নয়; বরং এটি বিশ্বব্যাপী গণতন্ত্র ও মানবিক মর্যাদার অভিন্ন চেতনার অংশ।
-টিএস