জুলাই গণঅভ্যুত্থানের চেতনা ধারণ করে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার লক্ষ্যে সমমনা রাজনৈতিক দলগুলোর সঙ্গে ঐক্যবদ্ধভাবে কাজ করবে সরকার। একই সঙ্গে জুলাই সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়নের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী।
সোমবার রাতে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবনে বিএনপির সঙ্গে যুগপৎ আন্দোলনে অংশ নেওয়া সমমনা রাজনৈতিক দলগুলোর শীর্ষ নেতাদের সম্মানে আয়োজিত নৈশভোজ শেষে সাংবাদিকদের এসব কথা জানান বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
মির্জা ফখরুল বলেন, দীর্ঘ ১৫-১৬ বছরের আন্দোলনে অংশ নেওয়া রাজনৈতিক দলগুলোর নেতাদের সঙ্গে এটি ছিল প্রধানমন্ত্রীর একটি আন্তরিক মতবিনিময়। বৈঠকে জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়।
তিনি বলেন, আন্দোলনের সময় অনেকে কারাবরণ করেছেন, নির্যাতনের শিকার হয়েছেন, কেউ গুম বা নিখোঁজ হয়েছেন, আবার অনেকে আহত হয়ে চোখসহ শরীরের বিভিন্ন অঙ্গ হারিয়েছেন। তাদের আত্মত্যাগের স্মৃতিকে ধারণ করেই রাজনৈতিক ঐক্য আরও শক্তিশালী করার বিষয়ে আলোচনা হয়েছে।
বিএনপি মহাসচিব জানান, বৈঠকে অংশ নেওয়া বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা প্রধানমন্ত্রীর এ উদ্যোগের প্রশংসা করেছেন। প্রধানমন্ত্রীও বিএনপির সঙ্গে যুগপৎ আন্দোলনে অংশ নেওয়া দলগুলোর অবদানের জন্য তাদের ধন্যবাদ জানান।
তিনি বলেন, প্রধানমন্ত্রী স্বীকার করেছেন, সরকার গঠনের পর গত পাঁচ মাসে বিভিন্ন ব্যস্ততা ও কাজের অগ্রাধিকারের কারণে সব রাজনৈতিক দলের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা সম্ভব হয়নি। তবে ভবিষ্যতে সমমনা দলগুলোর সঙ্গে নিয়মিত বৈঠক ও মতবিনিময়ের আশ্বাস দিয়েছেন তিনি।
সরকারের বিভিন্ন জনকল্যাণমূলক উদ্যোগের কথা তুলে ধরে মির্জা ফখরুল বলেন, কৃষকদের জন্য ১০ হাজার টাকা কৃষি সহায়তা, ফ্যামিলি কার্ড কর্মসূচি সম্প্রসারণ, কৃষক কার্ড বিতরণ, মসজিদের ইমাম, মন্দিরের পুরোহিত, গির্জার ধর্মযাজক ও বৌদ্ধ ভিক্ষুদের ভাতা প্রদানসহ বিভিন্ন কর্মসূচি নেওয়া হয়েছে।
তিনি বলেন, সরকার দায়িত্ব নেওয়ার সময় একটি দুর্বল অর্থনীতি ও ক্ষতিগ্রস্ত রাষ্ট্রীয় প্রতিষ্ঠান পেয়েছে। আগের সরকারের সময় ব্যাংকিং খাতসহ বিভিন্ন প্রতিষ্ঠান দুর্বল হয়ে পড়েছিল। এখন এসব প্রতিষ্ঠান পুনর্গঠন এবং জনগণের আস্থা ফিরিয়ে আনার কাজ চলছে।
মির্জা ফখরুল আরও বলেন, প্রধানমন্ত্রী বিএনপির ঘোষিত ৩১ দফা সংস্কার কর্মসূচি বাস্তবায়নে কাজ করার কথা পুনর্ব্যক্ত করেছেন। পাশাপাশি রাজনৈতিক দলগুলোর সঙ্গে স্বাক্ষরিত জুলাই সনদও অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করা হবে বলে জানিয়েছেন।
স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বর্তমান আইনে দলীয় প্রতীকে স্থানীয় সরকার নির্বাচন করার সুযোগ নেই। এ বিষয়ে প্রয়োজন হলে সংশ্লিষ্ট রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।
জেবি/ এসআর