রাজধানীর ভাটারা থানার নতুনবাজার এলাকায় ময়লার ডাস্টবিন নিয়ে বিরোধের জেরে মো. তৌহিদ (২৮) নামে এক পরিচ্ছন্নতাকর্মী গুলিবিদ্ধ হয়েছেন।
রোববার (১৯ জুলাই) রাত সাড়ে ৮টার দিকে নতুনবাজার এলাকায় এ ঘটনা ঘটে। আহত তৌহিদ নেত্রকোনা জেলার কলমাকান্দা থানার কাকুরিয়া মাছিমা গ্রামের বাসিন্দা। তিনি বর্তমানে ভাটারা থানা এলাকায় বসবাস করতেন।
তৌহিদের সহকর্মী কামরুল জানান, নতুনবাজার এলাকায় ময়লা ফেলার ডাস্টবিনকে কেন্দ্র করে স্থানীয় ‘হেলাল গ্রুপের’ সঙ্গে তাদের বিরোধ চলছিল। ঘটনার সময় ডাস্টবিনের সামনে কয়েকজন অজ্ঞাত ব্যক্তি এসে হঠাৎ গুলি চালায়। এতে তৌহিদের পায়ে গুলি লাগে।
পরে সহকর্মীরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে রাত ৯টা ১৫ মিনিটের দিকে উন্নত চিকিৎসার জন্য তাকে জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান (পঙ্গু হাসপাতাল) পাঠানো হয়।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, ভাটারার নতুনবাজার এলাকা থেকে গুলিবিদ্ধ অবস্থায় তৌহিদ নামে এক ব্যক্তি ঢাকা মেডিকেলে এসেছিলেন। তার পায়ে গুলি লেগেছে। প্রাথমিক চিকিৎসা শেষে তাকে পঙ্গু হাসপাতালে পাঠানো হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।
এসআর