যুক্তরাজ্যের নবনিযুক্ত প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যামকে অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান।
সোমবার (২০ জুলাই) দিবাগত রাতে প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)কে এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, প্রধানমন্ত্রী তারেক রহমান যুক্তরাজ্যের নবনিযুক্ত প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে একটি বার্তা পাঠিয়েছেন।
অভিনন্দনবার্তায় তারেক রহমান অ্যান্ডি বার্নহ্যামের নেতৃত্বে যুক্তরাজ্যের শান্তি, সমৃদ্ধি ও গণতান্ত্রিক অগ্রগতি কামনা করেন। যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হওয়া ও দায়িত্ব গ্রহণ উপলক্ষে তিনি বাংলাদেশ সরকার, দেশের জনগণ এবং নিজের পক্ষ থেকে লেবার পার্টির নেতা অ্যান্ডি বার্নহ্যামকে আন্তরিক শুভেচ্ছা জানান।
তারেক রহমান বলেন, অ্যান্ডি বার্নহ্যামের প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়া তার নেতৃত্বের প্রতি লেবার পার্টি এবং যুক্তরাজ্যের জনগণের আস্থার প্রতিফলন।
তিনি আশা প্রকাশ করেন, নতুন প্রধানমন্ত্রীর নেতৃত্বে যুক্তরাজ্য বিশ্বে শান্তি প্রতিষ্ঠা, টেকসই উন্নয়ন, গণতান্ত্রিক সুশাসন নিশ্চিত করা এবং বিভিন্ন বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
অভিনন্দনবার্তায় বাংলাদেশ ও যুক্তরাজ্যের দীর্ঘদিনের ঐতিহাসিক ও বহুমাত্রিক সম্পর্কের কথাও উল্লেখ করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, গণতান্ত্রিক মূল্যবোধ, পারস্পরিক শ্রদ্ধাবোধ, কমনওয়েলথের নীতি এবং দুই দেশের জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কের ভিত্তিতে এই অংশীদারত্ব গড়ে উঠেছে।
তিনি আরও বলেন, বাণিজ্য, বিনিয়োগ, উন্নয়ন সহযোগিতা, জলবায়ু পরিবর্তন মোকাবিলা, শিক্ষা, নিরাপত্তা, অভিবাসন ও সাংস্কৃতিক বিনিময়সহ বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশ ও যুক্তরাজ্যের সম্পর্ক ক্রমাগত সম্প্রসারিত হচ্ছে।
যুক্তরাজ্যে বসবাসরত বাংলাদেশি প্রবাসীদের দুই দেশের বন্ধুত্বের গুরুত্বপূর্ণ সেতুবন্ধ হিসেবে উল্লেখ করে তারেক রহমান বলেন, তারা উভয় দেশের অর্থনীতি ও সাংস্কৃতিক বৈচিত্র্যে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন।
অভিনন্দনবার্তায় বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যকার কৌশলগত অংশীদারত্ব আরও জোরদার করতে অ্যান্ডি বার্নহ্যামের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার আগ্রহ প্রকাশ করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের জন্য যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানান তিনি।
বার্তার শেষাংশে তারেক রহমান অ্যান্ডি বার্নহ্যামের সুস্বাস্থ্য, ব্যক্তিগত কল্যাণ ও প্রধানমন্ত্রী হিসেবে সফল দায়িত্ব পালনের পাশাপাশি যুক্তরাজ্যের জনগণের শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করেন।
অ্যান্ডি বার্নহ্যাম সোমবার (২১ জুলাই) আনুষ্ঠানিকভাবে যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।
-টিএস