গণপূর্ত অধিদপ্তরের মাঠপর্যায়ের কর্মচারীদের জন্য স্থায়ী সেট-আপ বাস্তবায়নসহ ৯ দফা দাবি জানিয়েছে বাংলাদেশ গণপূর্ত কর্মচারী ইউনিয়ন।
সোমবার রাজধানীর সেগুনবাগিচায় পূর্ত ভবনে সংগঠনের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব দাবি তুলে ধরেন সংগঠনের সাধারণ সম্পাদক মো. বদরুল আলম সবুজ। এতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মো. জসিম উদ্দিন।
লিখিত বক্তব্যে বদরুল আলম সবুজ বলেন, কার্যভিত্তিক কর্মচারীদের অস্থায়ী থেকে নিয়মিত পদে রূপান্তরের বিষয়ে হাইকোর্টের রায় দ্রুত বাস্তবায়ন করতে হবে। একই সঙ্গে গণপূর্ত অধিদপ্তরের সব স্তরের কর্মচারীদের পদোন্নতির সুযোগ নিশ্চিত করতে হবে।
তিনি আরও বলেন, দৈনিকভিত্তিক ও ভাউচারভিত্তিক কর্মচারীদের নিয়মিত পদে অন্তর্ভুক্ত করতে হবে এবং এ-সংক্রান্ত আদালতের রায়ও দ্রুত কার্যকর করতে হবে।
সংবাদ সম্মেলনে আউটসোর্সিং নিয়োগ ব্যবস্থা বাতিল করে গণপূর্ত অধিদপ্তরের মাধ্যমে সরাসরি নিয়োগ এবং সংশ্লিষ্ট পদগুলো রাজস্ব খাতে স্থানান্তরের দাবি জানানো হয়। পাশাপাশি অধিদপ্তরে বিদ্যমান বৈষম্য দূর করে ট্রেড ইউনিয়নের অধিকার প্রতিষ্ঠা ও চর্চার সুযোগ নিশ্চিত করার আহ্বান জানানো হয়।
এ ছাড়া পূর্বের ন্যায় সব কর্মচারীকে বার্ষিক পোশাক প্রদান, টিনশেড বাসায় বসবাসরত কর্মচারীদের বিকল্প আবাসনের ব্যবস্থা না করে উচ্ছেদ না করা, সরকারি আবাসনের অবৈধ দখলদারদের দ্রুত উচ্ছেদ, আবাসিক এলাকার পরিচ্ছন্নতা ও প্রয়োজনীয় সংস্কার এবং পরিবেশ সুরক্ষায় বৃক্ষরোপণের উদ্যোগ গ্রহণের দাবিও জানায় সংগঠনটি।
সংবাদ সম্মেলনে বাংলাদেশ গণপূর্ত কর্মচারী ইউনিয়নের কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।
জেবি/ এসআর