আগামীকাল (১৯ জুলাই) ফুটবল বিশ্বকাপের ২৩তম আসরের ফাইনালে মুখোমুখি হবে সাবেক দুই বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও স্পেন। শিরোপা নির্ধারণী ম্যাচের আগে আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসিকে চাপ সামলানোর রহস্য নিয়ে প্রশ্ন করেছেন টেনিস কিংবদন্তি নোভাক জোকোভিচ।
২৪টি গ্র্যান্ড স্ল্যামজয়ী সার্বিয়ান তারকা জোকোভিচ মেসিকে প্রশ্ন করেন, “তুমি কীভাবে চাপ উপেক্ষা করে নিজের খেলার মান ধরে রাখতে শিখলে?”
জবাবে হাসিমুখে মেসি বলেন, “আমি চাপ নিয়ে কখনো খুব বেশি ভাবি না। আমি সব সময় এটাকে স্বাভাবিক বিষয় হিসেবেই দেখেছি। মাঠে নেমে খেলাটা উপভোগ করা এবং প্রতিযোগিতার মধ্যে থাকাই আমার লক্ষ্য। আমরা প্রতিযোগিতা ভালোবাসি, সব সময় জিততে চাই। কিন্তু ফুটবল একটি খেলা। আমাদের প্রতিপক্ষও জেতার জন্য মাঠে নামে। তাই সব সময় জেতা সম্ভব হয় না।”
আর্জেন্টাইন অধিনায়ক আরও বলেন, “সময়ের সঙ্গে সঙ্গে আমি শিখেছি, জয়ের চেয়ে হারের সংখ্যাই বেশি হয়। এই উপলব্ধি আমাকে একজন ব্যক্তি এবং একজন খেলোয়াড় হিসেবে আরও পরিণত হতে সাহায্য করেছে।”
বিশ্বকাপের ফাইনালের আগে দুই কিংবদন্তির এই কথোপকথন ইতোমধ্যেই ক্রীড়াঙ্গনে আলোচনার জন্ম দিয়েছে
এসআর