ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শনিবার, ১৮ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
ফিফা বিশ্বকাপ ২০২৬
ব্যথা নিয়েই বিশ্বকাপ ফাইনালে নামবেন দিবু মার্তিনেজ
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: শনিবার, ১৮ জুলাই, ২০২৬, ৪:০১ পিএম আপডেট: ১৮.০৭.২০২৬ ৪:০৭ পিএম
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

বিশ্বকাপ ফাইনালের দুদিন আগে নিজের শারীরিক অবস্থা নিয়ে চমকে দেওয়ার মতো তথ্য জানিয়েছেন এমিলিয়ানো মার্তিনেজ। ডান হাতের আঙুলে এখনো প্রতিদিন ব্যথা অনুভব করেন আর্জেন্টিনার গোলরক্ষক। চিকিৎসকেরা অস্ত্রোপচারের পরামর্শ দিলেও বিশ্বকাপে খেলার জন্য সেই পথে হাঁটেননি তিনি।

গত মে মাসে অ্যাস্টন ভিলার হয়ে ইউরোপা লিগের ফাইনালের প্রস্তুতি নেওয়ার সময় ডান হাতের অনামিকায় চিড় ধরেছিল দিবুর। ফ্রাইবুর্গের বিপক্ষে ম্যাচের আগে অনুশীলনে আঘাত পেলেও পুরো ফাইনাল খেলেন তিনি। ভিলার ৩-০ গোলের জয়ে শিরোপাও জেতেন।

পরবর্তী পরীক্ষায় আঙুলে ছোট একটি চিড় ধরা পড়ে। যুক্তরাষ্ট্র ও ইংল্যান্ডের একাধিক হাত বিশেষজ্ঞের সঙ্গে কথা বলেছিলেন দিবু। প্রায় সবাই তাকে অস্ত্রোপচার করানোর পরামর্শ দেন। সেটি করলে বিশ্বকাপের গ্রুপ পর্বে খেলা অনিশ্চিত হয়ে যেত তার।

শেষ পর্যন্ত অস্ত্রোপচার না করিয়ে বিকল্প চিকিৎসা ও পুনর্বাসনের মাধ্যমে বিশ্বকাপে খেলার সিদ্ধান্ত নেন ৩৩ বছর বয়সী গোলরক্ষক। সেই সিদ্ধান্তের মূল্য এখনো ব্যথার মাধ্যমে দিতে হচ্ছে তাকে।

দিবু বলেন, ‘আঙুলে এখনো প্রতিদিন ব্যথা হয়। আমি জানতাম অনেক ব্যথা সহ্য করতে হবে। অস্ত্রোপচার এড়িয়ে গিয়েছি। যুক্তরাষ্ট্র ও ইংল্যান্ডে যেসব হাত বিশেষজ্ঞের সঙ্গে কথা বলেছিলাম, সবাই বলেছিল অস্ত্রোপচার না করলে আমি খেলতে পারব না।’

বিশ্বকাপের আগে হন্ডুরাস ও আইসল্যান্ডের বিপক্ষে আর্জেন্টিনার প্রস্তুতি ম্যাচে খেলতে পারেননি দিবু। প্রতিযোগিতা শুরুর সময়ও পুরোপুরি সেরে ওঠেননি। আর্জেন্টিনার প্রথম ম্যাচের মাত্র দুদিন আগে অনুশীলনে এক হাত ব্যবহার করে ঝাঁপ দিতে হতো তাকে।

সেই কঠিন সময়ের কথা জানিয়ে দিবু বলেন, ‘প্রথম ম্যাচের দুদিন আগেও আমি এক হাত দিয়ে ঝাঁপ দিচ্ছিলাম। আমাকে দেখলে মনে হতো আমার যেন একটি হাতই নেই।’

চোটের কারণে বিশ্বকাপের পুরো গ্রুপ পর্বে সতীর্থদের সঙ্গে স্বাভাবিক অনুশীলন করতে পারেননি আর্জেন্টাইন গোলরক্ষক। নিয়মিত অনুশীলন করতে ভালোবাসেন বলে বিষয়টি মানসিকভাবেও তাকে ভুগিয়েছে।

তবে নকআউট পর্ব থেকে অবস্থার উন্নতি হতে শুরু করে। মিসরের বিপক্ষে শেষ ষোলোর ম্যাচের পর থেকে দলের সঙ্গে স্বাভাবিক অনুশীলন করছেন তিনি। ব্যথা পুরোপুরি না গেলেও এখন আগের তুলনায় অনেক ভালো অনুভব করছেন দিবু।

ফাইনালে তার খেলা নিয়ে তাই কোনো সংশয় নেই। কাতার বিশ্বকাপের শিরোপা জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা দিবু টানা দ্বিতীয়বার বিশ্বকাপ ফাইনালে আর্জেন্টিনার গোলপোস্ট সামলাবেন।

প্রতিপক্ষ স্পেনকে নিয়ে সতর্ক আর্জেন্টিনার গোলরক্ষক। তার মতে, লামিনে ইয়ামালকে ঘিরে আলোচনা বেশি হলেও স্পেনের শক্তি শুধু একজন খেলোয়াড়ের মধ্যে সীমাবদ্ধ নয়।

দিবু বলেন, ‘স্পেন দুর্দান্ত একটি দল। তাদের শক্তি শুধু লামিনে নয়। তাদের অসাধারণ একটি দল রয়েছে এবং খেলোয়াড়েরা একে অন্যের জন্য অনেক পরিশ্রম করে। তারা যোগ্য দল হিসেবেই ফাইনালে এসেছে। আমাদেরও নিজেদের অস্ত্র রয়েছে।’

চোট ও ব্যথার মধ্যেও আরেকটি বিশ্বকাপ ফাইনালে পৌঁছানোর মুহূর্তটি উপভোগ করতে চান দিবু। অর্জনগুলোর কথা মনে করে কখনো কখনো একা কেঁদে ফেলেন বলেও জানিয়েছেন তিনি।

বাংলাদেশ সময় সোমবার রাত ১টায় নিউইয়র্ক-নিউ জার্সি স্টেডিয়ামে বিশ্বকাপ ফাইনালে মুখোমুখি হবে আর্জেন্টিনা ও স্পেন।

এসএ


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝