বিশ্বকাপের ফাইনালে মুখোমুখি হতে যাচ্ছে লিওনেল মেসির আর্জেন্টিনা ও স্পেন। এমন গুরুত্বপূর্ণ ম্যাচে ফুটবল বিশ্বের অনেকেই নিরপেক্ষ অবস্থানে থাকলেও নিজের সমর্থনের কথা স্পষ্ট জানিয়েছেন বার্সেলোনা সভাপতি হোয়ান লাপোর্তা।
নিউইয়র্কের বিখ্যাত ফিফথ অ্যাভিনিউতে স্প্যানিশ গণমাধ্যম ‘এল পার্তিদাজো দে কোপে’-কে দেওয়া এক সাক্ষাৎকারে লাপোর্তা বলেন, “আমি সিদ্ধান্ত নিয়ে ফেলেছি। আমি স্পেনের সঙ্গেই আছি।”
শুধু সমর্থন নয়, স্পেনকেই সম্ভাব্য বিশ্বচ্যাম্পিয়ন হিসেবেও দেখছেন বার্সেলোনা সভাপতি। তিনি বলেন, “আমার বিশ্বাস, স্প্যানিশ জাতীয় দলই জিতবে। আমাদের দল ভালো। আর যদি রেফারি সঠিক ও দৃঢ়ভাবে ম্যাচ পরিচালনা করেন, তাহলে স্পেনের জয়ের সম্ভাবনা আরও বেড়ে যাবে। তবে রেফারিকে অবশ্যই নিজের কর্তৃত্ব প্রতিষ্ঠা করতে হবে।”
লাপোর্তার এই মন্তব্য ফুটবল অঙ্গনে আলোচনার জন্ম দিয়েছে। কারণ, বার্সেলোনার ইতিহাসে লিওনেল মেসি অন্যতম সেরা খেলোয়াড় এবং ক্লাবটির সবচেয়ে বড় কিংবদন্তিদের একজন। তবে জাতীয় দলের প্রসঙ্গে নিজের দেশের প্রতিই সমর্থন জানিয়েছেন তিনি।
সাক্ষাৎকারে একটি মজার ঘটনাও ঘটে। উপস্থাপক হুয়ানমা কাস্তানিও লাপোর্তার সাদা ব্লেজারের প্রসঙ্গ তুললে তিনি হাসতে হাসতে বলেন, “এটা সাদা নয়, আইভরি রঙের।”
রোববারের বিশ্বকাপ ফাইনালে স্পেনের জয় নিয়ে আত্মবিশ্বাসী লাপোর্তা। এখন দেখার বিষয়, মাঠের লড়াই শেষে তার ভবিষ্যদ্বাণী কতটা সত্যি হয়।