ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
রাষ্ট্র সংস্কার ও জুলাই গণঅভ্যুত্থানের বিচার দাবি এনসিপির
✎ অবজারভার প্রতিনিধি
⏲ প্রকাশিত: বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬, ১০:০৮ পিএম
X

জুলাই গণঅভ্যুত্থানে নিহতদের বিচার দ্রুত সম্পন্ন, শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে আদালতের রায় কার্যকর এবং গণভোটের রায় অনুযায়ী রাষ্ট্র সংস্কারের দাবি জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

বৃহস্পতিবার (১৬ জুলাই) শহীদ আবু সাঈদের শাহাদাতবার্ষিকী ও জুলাই শহীদ দিবস উপলক্ষে রংপুরে তাঁর পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ শেষে এনসিপির নেতারা এসব কথা বলেন।

এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, জুলাই গণঅভ্যুত্থানের ভিকটিম ও শহীদ পরিবারের ন্যায়বিচার নিশ্চিত করতে সরকারকে দ্রুত বিচারিক প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে আদালতের রায় কার্যকর করার পাশাপাশি অন্যান্য মামলার বিচারও দ্রুত শেষ করার দাবি জানান তিনি।

নাহিদ ইসলাম বলেন, জুলাই গণঅভ্যুত্থানের প্রকৃত সুফল জনগণের কাছে পৌঁছে দিতে রাষ্ট্র সংস্কারের কোনো বিকল্প নেই। তিনি অভিযোগ করেন, গণভোটে জনগণ রাষ্ট্র সংস্কারের পক্ষে রায় দিলেও সরকার তা বাস্তবায়নে ব্যর্থ হয়েছে। জুলাই সনদ বাস্তবায়নের প্রতিশ্রুতি কেবল মৌখিক পর্যায়ে সীমাবদ্ধ রয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

তিনি আরও বলেন, "শুধু জুলাই শহীদ দিবস পালন বা আবু সাঈদকে স্মরণ করলেই হবে না। গণভোটের রায় অনুযায়ী রাষ্ট্র সংস্কার করতে হবে। দুর্নীতি, বৈষম্য, সন্ত্রাস ও চাঁদাবাজিমুক্ত নতুন বাংলাদেশ গড়াই শহীদদের আত্মত্যাগের প্রকৃত সম্মান।"

ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্যের কথা উল্লেখ করে নাহিদ ইসলাম বলেন, সংস্কার ও বিচার প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করা সরকারের দায়িত্ব। এ ক্ষেত্রে গড়িমসি বা আপসের লক্ষণ দেখা গেলে জনগণ ও এনসিপি তার বিরুদ্ধে অবস্থান নেবে।

এ সময় এনসিপির সদস্য সচিব আখতার হোসেন বলেন, জুলাইয়ে শহীদ হওয়া সকলের প্রতি শ্রদ্ধা জানিয়ে নতুন বাংলাদেশ গড়ার অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হয়েছে। তিনি বলেন, শহীদ আবু সাঈদের পরিবারও একটি বৈষম্যহীন নতুন বাংলাদেশের প্রত্যাশা করছে।

আখতার হোসেন অভিযোগ করেন, সরকার গণভোটের রায় বাস্তবায়ন করতে চায় না। তিনি বলেন, এটি কোনো রাজনৈতিক দলের দাবি নয়, বরং জনগণের রায়। তাই গণভোটের সিদ্ধান্ত বাস্তবায়নে সরকারের প্রতি আহ্বান জানান তিনি।

পরে এনসিপির নেতারা শহীদ আবু সাঈদের মায়ের খোঁজখবর নেন এবং বাবুনপুর দারুস সালাম এতিমখানায় এতিম শিশুদের সঙ্গে দোয়া ও মোনাজাতে অংশ নেন।

এদিকে, একই দিনে সকালে পীরগঞ্জে শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করেন ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম।

এলওয়াই/এসআর


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝