সাগরপথে অবৈধভাবে ইউরোপে যাওয়ার উদ্দেশ্যে লিবিয়ায় গিয়ে দেশটির গানফুদা বন্দিশালায় আটক থাকা আরও ১৭১ বাংলাদেশিকে দেশে ফিরিয়ে এনেছে সরকার।
বৃহস্পতিবার ভোর সাড়ে ৬টার দিকে বুরাক এয়ারের একটি বিশেষ ফ্লাইটে তাঁদের দেশে আনা হয়।
এ নিয়ে লিবিয়ার বিভিন্ন বন্দিশালা থেকে মোট ১ হাজার ৮৯৪ জন বাংলাদেশিকে দেশে ফিরিয়ে আনা হয়েছে।
এর আগে গত ২৬ ফেব্রুয়ারি ১৭৫, ৬ মার্চ ১৬৫, ১ এপ্রিল ১৭৫, ২৩ এপ্রিল ১৭৪, ৭ মে ১৭৪, ২০ মে ১৭০, ১ জুন ১৭৪, ২৪ জুন ১৭০, ২৫ জুন ১৭২ ও ৭ জুলাই ১৭৪ জনকে দেশে ফেরানো হয়।
লিবিয়ায় বাংলাদেশ দূতাবাস, পররাষ্ট্র মন্ত্রণালয় এবং প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মাধ্যমে লিবিয়া সরকার ও আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইএমও) সহযোগিতায় এই ১৭১ জনকে দেশে ফেরানো হয়েছে বলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এই বাংলাদেশিদের বেশির ভাগই সমুদ্রপথে অবৈধভাবে ইউরোপ যাওয়ার উদ্দেশে মানব পাচারকারীদের প্ররোচনায় ও সহযোগিতায় লিবিয়ায় অনুপ্রবেশ করেন বলে জানা যায়। তাঁদের অনেকে লিবিয়ায় বিভিন্ন সময়ে অপহরণ ও নির্যাতনের শিকার হয়েছিলেন বলে অভিযোগ রয়েছে। আন্তর্জাতিক অভিবাসন সংস্থার পক্ষ থেকে তাঁদের পথখরচা, কিছু খাদ্যসামগ্রী, প্রাথমিক চিকিৎসা ও প্রয়োজনে অস্থায়ী বাসস্থানের ব্যবস্থা করা হয়েছে।
জনসচেতনতা বাড়াতে লিবিয়ার বন্দিশালা থেকে ফেরত আসা বাংলাদেশিদের তাঁদের দুর্বিষহ অভিজ্ঞতা সবার সঙ্গে বিনিময় করতে পররাষ্ট্র মন্ত্রণালয় অনুরোধ জানিয়েছে।
এসআর