শিক্ষামন্ত্রীকে মঙ্গলবার (১৪ জুলাই) সন্ধ্যা ৬টার মধ্যে পদত্যাগ এবং তার ‘অসংগতিপূর্ণ’ বক্তব্যের জন্য জাতির কাছে ক্ষমা চাওয়ার আল্টিমেটাম দিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা।
বিকেল পৌনে ৫টার দিকে রাজধানীর সায়েন্সল্যাব এলাকায় আন্দোলনরত শিক্ষার্থীদের পক্ষে এ ঘোষণা দেন সিটি কলেজের পরীক্ষার্থী মো. মিরাজ হোসেন।
তিনি জানান, সন্ধ্যা ৬টার মধ্যে শিক্ষামন্ত্রীকে পদত্যাগ করতে হবে এবং তার বক্তব্যের জন্য জাতির কাছে ক্ষমা চাইতে হবে। একই সঙ্গে গতকাল (১৩ জুলাই) অস্বস্তিকর পরিস্থিতির মধ্যে যারা পরীক্ষা দিয়েছেন এবং যারা পরীক্ষা দিতে পারেননি, তাদের বিষয়টি বিবেচনায় নিয়ে ওই পরীক্ষা পুনরায় নেওয়ার দাবি জানান তিনি।
এ ছাড়া আগামী দিনের নির্ধারিত পরীক্ষা বাতিল করে নতুন করে পরীক্ষার সময়সূচি প্রকাশ এবং প্রশ্নপত্রের মান শিক্ষার্থীবান্ধব করার দাবি জানিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা।
এর আগে বিকেল পৌনে ৪টার দিকে শিক্ষার্থীরা সায়েন্সল্যাব এলাকায় অবস্থান নিলে ওই সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে আশপাশের এলাকায় তীব্র যানজট সৃষ্টি হয়। অবস্থান কর্মসূচি চলাকালে শিক্ষার্থীরা শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে বিভিন্ন স্লোগান দেন।
আন্দোলনরত শিক্ষার্থীদের অভিযোগ, সকাল থেকে কর্মসূচি চালিয়ে গেলেও সরকারের পক্ষ থেকে এখনো কেউ তাদের সঙ্গে আলোচনায় বসেননি।