ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
মুন্সীগঞ্জে আন্তঃজেলা মোটরসাইকেল চোর চক্রের ৩ সদস্য গ্রেপ্তার
✎ অবজারভার সংবাদদাতা
⏲ প্রকাশিত: সোমবার, ১৩ জুলাই, ২০২৬, ৭:০৫ পিএম
X

মুন্সীগঞ্জে আন্তঃজেলা মোটরসাইকেল চোর চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। এ সময় তাদের কাছ থেকে চুরি হওয়া ও চোরাই সন্দেহে মোট পাঁচটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। একই অভিযানে লৌহজং উপজেলার গোয়ালীমান্দ্রা এলাকা থেকে ১ হাজার ১০০ পিস ইয়াবা ও ২ কেজি গাঁজাও উদ্ধার করা হয়েছে।

সোমবার (১৩ জুলাই) সকালে মুন্সীগঞ্জের পদ্মা সেতু উত্তর থানায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে পুলিশ সুপার মো. মেনহাজুল আলম, পিপিএম এ তথ্য জানান।

পুলিশ সুপার জানান, শরীয়তপুর জেলার জাজিরা উপজেলার আহাদী মাদবর কান্দি গ্রামের আফজাল মুন্সীর ছেলে মো. সজিব (২৯) গত ৯ জুলাই পদ্মা সেতু (উত্তর) থানাধীন পশ্চিম কুমারভোগ নুরানী জামে মসজিদের সামনে থেকে তার কালো রঙের সুজুকি ২৫০ সিসি এসএফ এফআই এবিএস ৬০৫ মোটরসাইকেল (রেজিস্ট্রেশন নম্বর: ঢাকা মেট্রো-ল-৭৪-০৮৯২) চুরি হওয়ার ঘটনায় থানায় অভিযোগ দায়ের করেন।

এরপর পুলিশের একটি বিশেষ দল অভিযান পরিচালনা করে।

অভিযানে গত ১২ জুলাই রাত সাড়ে ১২টার দিকে নারায়ণগঞ্জ সদর থানার নিতাইগঞ্জ বাপ্পী চত্বর এলাকা থেকে মো. মনির হোসেনের ছেলে মো. সুমন (২৫)-কে গ্রেপ্তার করা হয়। তার হেফাজত থেকে বাদীর চুরি যাওয়া সুজুকি মোটরসাইকেলটি উদ্ধার করা হয়।

সুমনের দেওয়া তথ্যের ভিত্তিতে মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলার বেতকা বাজার এলাকা থেকে আবু তাহের দেওয়ানের ছেলে হৃদয় দেওয়ান (৩০)-কে গ্রেপ্তার করা হয়। তার কাছ থেকে একটি রেজিস্ট্রেশনবিহীন কালো রঙের ডিসকভার ১২৫ সিসি মোটরসাইকেল উদ্ধার করা হয়।

পরে হৃদয় দেওয়ানের দেওয়া তথ্য অনুযায়ী টঙ্গীবাড়ী উপজেলার আমতলী এলাকা থেকে মৃত উজ্জ্বল পাইকের ছেলে সজীব পাইক (২৪)-কে গ্রেপ্তার করা হয়। তার কাছ থেকে ঢাকা মেট্রো-ল-৪৭-০৮৬৪ নম্বরের কালো রঙের একটি হাংক ১৫০ সিসি মোটরসাইকেল চোরাই সন্দেহে জব্দ করা হয়।

এ ছাড়া হৃদয় দেওয়ানের দেওয়া তথ্যের ভিত্তিতে লৌহজং উপজেলার গোয়ালীমান্দ্রা এলাকার একটি দর্জি দোকানের পেছন থেকে ইঞ্জিন ও চেসিস নম্বর ঘষামাজা করা অবস্থায় রেজিস্ট্রেশনবিহীন দুটি পুরোনো পালসার ১৫০ সিসি মোটরসাইকেল উদ্ধার করা হয়। এর মধ্যে একটি লাল এবং অপরটি কালো রঙের। উদ্ধার হওয়া মোটরসাইকেলগুলোর প্রকৃত মালিক শনাক্তে তদন্ত চলছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তিরা স্বীকার করেছেন, তারা দীর্ঘদিন ধরে মুন্সীগঞ্জসহ আশপাশের বিভিন্ন জেলায় সংঘবদ্ধভাবে মোটরসাইকেল চুরি করে নম্বর প্লেট ও বিভিন্ন যন্ত্রাংশ পরিবর্তন করে বিক্রি করে আসছিলেন।

পুলিশ সুপার আরও জানান, একই অভিযানে লৌহজং উপজেলার গোয়ালীমান্দ্রা এলাকার মর্জিনা বেগমের দর্জি দোকানের ভেতর থেকে আলাল ওরফে আলাউদ্দিন (পিতা: পাগল চান, সাং: গোয়ালীমান্দ্রা, থানা: লৌহজং, জেলা: মুন্সীগঞ্জ)-এর ফেলে যাওয়া ১ হাজার ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ও ২ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ ঘটনায় তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

গ্রেপ্তার আসামিদের বিরুদ্ধে প্রচলিত আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।

এমএইচ/আরএন


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝