ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
খুলনায় নিখোঁজের পাঁচ মাস পর ইজিবাইক চালকের কঙ্কাল উদ্ধার, আটক ২
✎ অবজারভার প্রতিনিধি
⏲ প্রকাশিত: সোমবার, ১৩ জুলাই, ২০২৬, ৫:৩৯ পিএম
X

খুলনায় প্রায় পাঁচ মাস আগে নিখোঁজ হওয়া এক ইজিবাইক চালকের কঙ্কাল উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১৩ জুলাই) দুপুরে নগরীর হরিণটানা রেলসেতু সংলগ্ন বুলু ওয়েল আবাসিক এলাকার একটি বাড়ির উঠান থেকে মাটি খুঁড়ে কঙ্কালটি উদ্ধার করা হয়। এ ঘটনায় মুরাদ মোল্লা ও তার স্ত্রী ফাল্গুনী খাতুনকে আটক করেছে পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দাম্পত্য কলহের জেরে সোমবার সকালে ফাল্গুনী খাতুন থানায় গিয়ে স্বামী মুরাদ মোল্লার বিরুদ্ধে অভিযোগ করেন। অভিযোগের একপর্যায়ে তিনি পুলিশকে জানান, প্রায় পাঁচ মাস আগে মারুফ নামে এক ইজিবাইক চালককে হত্যা করে তার ইজিবাইক ছিনতাই করেছিলেন মুরাদ। পরে ইজিবাইকটি খুলে বিভিন্ন অংশ বিক্রি করে দেওয়া হয় বলেও তিনি দাবি করেন।

তথ্য পাওয়ার পর পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে মুরাদ মোল্লাকে আটক করে। পরে আটক দুজনের দেখানো স্থান থেকে বাড়ির উঠানে পুঁতে রাখা চালক মারুফের কঙ্কাল উদ্ধার করা হয়। উদ্ধারকৃত কঙ্কাল ময়নাতদন্ত ও প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

হরিণটানা থানার তদন্ত কর্মকর্তা মুরাদ হোসেন মিলন জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, গত রমজান মাসের কোনো এক রাতে পরিচিত হওয়ায় মারুফকে ফোন করে বাড়িতে ডেকে আনা হয়। এরপর ইজিবাইকে বসা অবস্থায় পেছন থেকে দড়ি দিয়ে শ্বাসরোধ করে তাকে হত্যা করা হয়। পরে রাতেই বাড়ির উঠানে মরদেহ পুঁতে রাখা হয় এবং ইজিবাইকটি খুলে বিভিন্ন অংশ বিক্রি করে দেওয়া হয়।

তিনি আরও জানান, ঘটনাস্থল থেকে ইজিবাইকের একটি নম্বর প্লেট উদ্ধার করা হয়েছে। অনুসন্ধানে জানা গেছে, ইজিবাইকটির মালিক খালিশপুর থানার ৪/১ মুজগুন্নী মেইন রোড এলাকার বাসিন্দা মোল্লা মো. মোস্তফা। নিহত চালকের প্রকৃত পরিচয় নিশ্চিত করতে মালিককে নিয়ে তদন্ত চলছে। আটক দম্পতিকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং ঘটনার বিস্তারিত জানতে তদন্ত অব্যাহত রয়েছে।

এসএস/আরএন


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝