ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
ন্যাটো সম্মেলনে ট্রাম্পের হুঁশিয়ারি: ‘আজ রাতেই ইরানে কঠোর হামলা’
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: বুধবার, ৮ জুলাই, ২০২৬, ৯:৪২ পিএম
X
Advertisement

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে আজ রাতেই কঠোর সামরিক হামলা চালানোর হুঁশিয়ারি দিয়েছেন। বুধবার তুরস্কের আঙ্কারায় ন্যাটোর শীর্ষ সম্মেলনের ফাঁকে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন। একই সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে বিদ্যমান যুদ্ধবিরতি কার্যত শেষ হয়ে গেছে বলেও দাবি করেন তিনি।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে বৈঠকের আগে ট্রাম্প বলেন, “আজ রাতে আমরা তাদের ওপর খুব শক্ত আঘাত হানতে যাচ্ছি।” তিনি অভিযোগ করেন, ইরান প্রতিনিয়ত চুক্তি লঙ্ঘন করছে এবং আলোচনার মাধ্যমে হওয়া সমঝোতা মানছে না।

তবে যুক্তরাষ্ট্র ইরানের সঙ্গে পূর্ণমাত্রার যুদ্ধে জড়াতে যাচ্ছে কি না, সে বিষয়ে ট্রাম্প স্পষ্ট কোনো মন্তব্য করেননি। সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি ইরানি কর্মকর্তাদের কঠোর ভাষায় সমালোচনা করেন এবং বলেন, দেশটি চুক্তির শর্ত মেনে চলছে না।

ট্রাম্প আরও বলেন, আগের দিনের মার্কিন হামলার পর বুধবার রাতেও নতুন সামরিক অভিযান চালানো হতে পারে। তিনি বলেন, “আমি আগাম সতর্কবার্তা দিচ্ছি, আজ রাতে আমরা তাদের ওপর খুব শক্তভাবে আঘাত হানতে যাচ্ছি।”

এর আগে ন্যাটো সম্মেলনের ফাঁকে ট্রাম্প মন্তব্য করেন, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতির ভিত্তি হিসেবে কাজ করা সমঝোতা এখন কার্যত শেষ। তার এ বক্তব্যের পর আন্তর্জাতিক বাজারে তেলের দাম ঊর্ধ্বমুখী হয়।

যদিও সম্ভাব্য নতুন সংঘাত কিংবা স্থায়ী কোনো সমঝোতার বিষয়ে ভবিষ্যৎ আলোচনা হবে কি না, সে বিষয়ে তিনি নির্দিষ্ট কিছু জানাননি।

এদিকে ইরানকে কখনোই পারমাণবিক অস্ত্র তৈরি করতে দেওয়া হবে না—এই অবস্থান পুনর্ব্যক্ত করে ট্রাম্প বলেন, প্রয়োজন হলে কোনো চুক্তি ছাড়াই যুক্তরাষ্ট্র সেই লক্ষ্য অর্জন করবে।

তিনি বলেন, “চুক্তি থাকুক বা না থাকুক, ইরান কখনোই পারমাণবিক অস্ত্র তৈরি করতে পারবে না। প্রয়োজনে চুক্তি ছাড়াই আমরা সেই লক্ষ্য অর্জন করব। কারণ তারা বারবার মিথ্যা বলে এবং প্রতারণা করে।”

সূত্র: রয়টার্স
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement