ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ঢাকা-সিলেট মহাসড়কে কাভার্ডভ্যানের চাপায় তানজিনা আক্তার (৩২) নামে এক নারীর মৃত্যু হয়েছে।
সোমবার (৬ জুলাই) সকাল আনুমানিক সাড়ে ১০টার দিকে আশুগঞ্জ গোলচত্বর মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
নিহত তানজিনা আক্তার কুমিল্লা সদর উপজেলার কুটবাড়ী এলাকার বাসিন্দা মো. আমজাদ হোসেনের স্ত্রী। আমজাদ হোসেন আশুগঞ্জ পাওয়ার স্টেশন কোম্পানি লিমিটেডের নির্বাহী প্রকৌশলী। তিনি মোটরসাইকেলে করে স্ত্রীকে নিয়ে পার্শ্ববর্তী ভৈরবে চিকিৎসকের কাছে যাচ্ছিলেন।
পুলিশ জানায়, ঢাকা-সিলেট মহাসড়কের আশুগঞ্জ গোলচত্বর এলাকায় পৌঁছালে ঢাকা অভিমুখী একটি কাভার্ডভ্যান (রেজিস্ট্রেশন নম্বর: ঢাকা মেট্রো-ট-২৪-৪১৯৫) মোটরসাইকেলটিকে পাশ থেকে ধাক্কা দেয়। এতে তানজিনা আক্তার সড়কে সিটকে পড়ে গুরুতর আহত হন। স্থানীয় লোকজন দ্রুত তাঁকে আশুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
দুর্ঘটনার পর কাভার্ডভ্যানটি জব্দ করা হয়েছে এবং চালককে আটক করেছে পুলিশ।
এ বিষয়ে হাইওয়ে থানার সেকেন্ড অফিসার আব্দুল বাতেন ঘটনার সততা নিশ্চিত করে জানান, নিহতের পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। দুর্ঘটনার সময় মহাসড়কে যান চলাচল স্বাভাবিক ছিল। এ ঘটনায় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
এসআরএস/এসআর