ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের আর্থিক স্বস্তি দিতে সরকারের বিশেষ উদ্যোগের আওতায় ১০ হাজার টাকা পর্যন্ত কৃষি ঋণের সুদ ও আসল পরিশোধ কার্যক্রম সফলভাবে বাস্তবায়ন করেছে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক (রাকাব)। দেশের প্রথম ব্যাংক হিসেবে রাকাব এ কার্যক্রম সম্পন্ন করেছে।
বুধবার এক প্রেস বিজ্ঞপ্তিতে রাকাব জানায়, এ কার্যক্রমের আওতায় মোট ২ লাখ ২৯ হাজার ৯৩৩টি কৃষক পরিবারের ২২৫ কোটি ৭৪ লাখ ৯৯ হাজার টাকার ঋণ সরকারের মাধ্যমে পরিশোধ করা হয়েছে।
ব্যাংক জানায়, এর মধ্যে রংপুর বিভাগের ১ লাখ ৭৯ হাজার ২৭৮টি কৃষক পরিবারের ১৭৮ কোটি ৯২ লাখ ৪৮ হাজার টাকার ঋণ এবং রাজশাহী বিভাগের ৫০ হাজার ৬৩৭টি কৃষক পরিবারের ৪৬ কোটি ৮১ লাখ ৩৯ হাজার টাকার ঋণ পরিশোধ করা হয়েছে।
রাকাব সংশ্লিষ্টরা জানান, দীর্ঘদিনের ঋণের বোঝা থেকে মুক্ত হওয়ায় এসব কৃষক নতুন করে কৃষিকাজে বিনিয়োগের সুযোগ পাবেন। এর ফলে কৃষি উৎপাদন বৃদ্ধি, কৃষকের আর্থিক সক্ষমতা উন্নয়ন এবং গ্রামীণ অর্থনীতিতে ইতিবাচক প্রভাব পড়বে বলে আশা করা হচ্ছে।
কৃষকদের এ বিশেষ সুবিধা প্রদানের জন্য রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের ব্যবস্থাপনা কর্তৃপক্ষ প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে।
রাকাব জানায়, কৃষকদের কল্যাণে সরকারের নেওয়া এ উদ্যোগ বাস্তবায়নে নির্ধারিত প্রক্রিয়া অনুসরণ করে দ্রুততম সময়ে কার্যক্রম সম্পন্ন করা হয়েছে। ভবিষ্যতেও কৃষিবান্ধব বিভিন্ন কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে কৃষকদের পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেছে ব্যাংকটি।
আরএইচএফ/এসআর