মৌলভীবাজারের কমলগঞ্জে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব শ্রীশ্রী জগন্নাথদেবের রথযাত্রা মহোৎসব শুরু হয়েছে। ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে বৃহস্পতিবার (১৬ জুলাই) বিকেলে এ উৎসবের উদ্বোধন করা হয়।
এবার ১২তম বছরের মতো কমলগঞ্জ রথযাত্রা উদযাপন পরিষদের উদ্যোগে ৯ দিনব্যাপী নানা ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
বৃহস্পতিবার বিকেল সোয়া ৫টায় ভানুগাছ বাজারস্থ কমলগঞ্জ কেন্দ্রীয় দুর্গাবাড়ী থেকে রথযাত্রা উদযাপন পরিষদের আয়োজনে শ্রীশ্রী জগন্নাথদেবের রথের বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রার আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আসাদুজ্জামান।
কমলগঞ্জ রথযাত্রা উদযাপন পরিষদের সভাপতি প্রমেশ পালের সভাপতিত্বে ও সুমন চন্দ্র দে’র সঞ্চালনায় অনুষ্ঠিত সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য দেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য দুরুদ আহমদ।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. আবুল হোসেন, পৌর বিএনপির আহ্বায়ক সোয়েব আহমদ, বিএনপি নেতা আব্দুল আজিজ, রাসেল হাসান বখত, সাবেক কাউন্সিলর রুহেল আহমদ, উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সাংবাদিক প্রনীত রঞ্জন দেবনাথ, কমলগঞ্জ কেন্দ্রীয় দুর্গাবাড়ী পরিচালনা কমিটির সভাপতি প্রদীপ দত্ত রেন্টু, সাধারণ সম্পাদক লিটন দত্ত, জগন্নাথদেবের রথযাত্রা মহোৎসব উদযাপন কমিটির সাধারণ সম্পাদক ভূষণ রায়, লোকনাথ সেবা সংঘের সভাপতি অর্জুন দেব, সাধারণ সম্পাদক অলক দেবসহ বিপুল সংখ্যক ভক্তবৃন্দ।
পরে শোভাযাত্রাটি ভানুগাছ বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কমলগঞ্জ কেন্দ্রীয় দুর্গাবাড়ীতে এসে শেষ হয়। এতে সনাতন সম্প্রদায়ের শত শত নারী-পুরুষ অংশ নেন।
রথযাত্রা উপলক্ষে কমলগঞ্জ কেন্দ্রীয় শ্রীশ্রী দুর্গাবাড়ীতে ৯ দিনব্যাপী নানা মাঙ্গলিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এসব অনুষ্ঠানের মধ্যে রয়েছে মঙ্গল আরতি, দর্শন আরতি, গীতা পাঠ, মহাভোগরাগ, ধর্মীয় আলোচনা সভা, হরিনাম সংকীর্তন, মহাপ্রসাদ বিতরণ, ভাগবত কথা, শ্রীমদ্ভাগবত গীতা পাঠ ও আরতি কীর্তন।
এদিকে, শ্রীশ্রী জগন্নাথদেবের রথযাত্রা উপলক্ষে উপজেলার আলীনগর চা বাগানের জগন্নাথ জিউর মন্দিরেও উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। মন্দিরের প্রধান আচার্য সুনীল কুমার দাশের সভাপতিত্বে এবং শিক্ষক উত্তম লোহারের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি শ্যামল চন্দ্র দাশ, সাধারণ সম্পাদক প্রনীত রঞ্জন দেবনাথ, আলীনগর ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের সভাপতি সমরেন্দু সেনগুপ্ত বুলবুল ও সাধারণ সম্পাদক সঞ্জয় চৌহান।
এছাড়া শমশেরনগর চা বাগান ও শমশেরনগর কালীবাড়ি থেকেও বৃহস্পতিবার বিকেল ৫টায় রথযাত্রার শোভাযাত্রা বের হয়। উপজেলার পতনঊষার, শ্রীসূর্য, মৃর্ত্তিঙ্গা চা বাগান, পাত্রখোলা চা বাগান, মাধবপুর, আলীনগর, কুরমা চা বাগান, সিদ্ধেশ্বরপুর, কালারায়বিল ও তিলকপুরসহ বিভিন্ন মঠ-মন্দিরে ৯ দিনব্যাপী অনুষ্ঠানমালার আয়োজন করা হয়েছে।
আগামী ২৪ জুলাই শুক্রবার উল্টো রথযাত্রার মধ্য দিয়ে এ উৎসবের সমাপ্তি হবে।
এসএস/এসআর