ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 সোমবার, ২৪ আগস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩
শিরোনাম
Advertisement
যুক্তরাষ্ট্রে ক্রিকেট স্টেডিয়াম চালু করলেন শাহরুখ খান
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬, ৬:০৫ পিএম আপডেট: ০৭.০৭.২০২৬ ৭:৪৭ পিএম
X

বলিউড সুপারস্টার শাহরুখ খানের ক্রিকেট সাম্রাজ্যে যুক্ত হলো নতুন এক মাইলফলক। যুক্তরাষ্ট্রের মেজর লিগ ক্রিকেটে (এমএলসি) অংশ নেওয়া তার দল লস অ্যাঞ্জেলস নাইট রাইডার্স-এর জন্য ক্যালিফোর্নিয়ায় চালু করা হয়েছে নতুন ‘নাইট রাইডার্স ক্রিকেট গ্রাউন্ড’

ক্যালিফোর্নিয়ার পোমোনা শহরের ফেয়ারপ্লেক্স কমপ্লেক্সে অবস্থিত স্টেডিয়ামটি লস অ্যাঞ্জেলস নাইট রাইডার্সের হোম গ্রাউন্ড হিসেবে ব্যবহৃত হবে। বুধবার এক ভিডিও বার্তায় স্টেডিয়াম উদ্বোধনের খবর জানান শাহরুখ খান।

ভিডিও বার্তায় শাহরুখ বলেন, ‘এর শুরুটা হয়েছিল একটি স্বপ্নের মতো, আজ তা বাস্তবে রূপ নিয়েছে। আমাদের নাইট রাইডার্স ক্রিকেট গ্রাউন্ডে সবাইকে স্বাগত। এটি শুধু ক্রিকেটের জন্য নয়, বিনোদন ও পরিবারের জন্যও একটি বিশেষ জায়গা।’

জানা গেছে, স্টেডিয়ামটির পরিচালনার দায়িত্বে রয়েছে শাহরুখ খানের নাইট রাইডার্স গ্রুপ। তবে জমি ও অবকাঠামোর মালিকানা রয়েছে ফেয়ারপ্লেক্স (লস অ্যাঞ্জেলস কাউন্টি ফেয়ার অ্যাসোসিয়েশন)-এর কাছে। প্রতিষ্ঠানটির সঙ্গে দীর্ঘমেয়াদি চুক্তির আওতায় স্টেডিয়ামটি পরিচালিত হবে। নাইট রাইডার্স গ্রুপে শাহরুখ খানের পাশাপাশি অংশীদার হিসেবে রয়েছেন অভিনেত্রী জুহি চাওলা ও শিল্পপতি জয় মেহতা।

শাহরুখ খানের মালিকানাধীন নাইট রাইডার্স গ্রুপ ইতোমধ্যে বিশ্বের বিভিন্ন টি-টোয়েন্টি লিগে সফলভাবে দল পরিচালনা করছে। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) কলকাতা নাইট রাইডার্স ছাড়াও ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ (সিপিএল), উইমেনস ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ, ইন্টারন্যাশনাল লিগ টি-টোয়েন্টি (আইএলটি২০) এবং মেজর লিগ ক্রিকেটে তাদের ফ্র্যাঞ্চাইজি রয়েছে। নতুন এই স্টেডিয়াম আন্তর্জাতিক ক্রিকেটে গ্রুপটির উপস্থিতিকে আরও শক্তিশালী করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

এদিকে ক্রিকেটের পাশাপাশি অভিনয়েও ব্যস্ত সময় পার করছেন শাহরুখ খান। সিদ্ধার্থ আনন্দ পরিচালিত তার নতুন সিনেমা ‘কিং’ আগামী ২৪ ডিসেম্বর মুক্তি পাওয়ার কথা রয়েছে।


-টিএস
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝