ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
হাবিপ্রবিতে সংঘর্ষ-ভাঙচুর: ৬৬ শিক্ষার্থীর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: বুধবার, ১ জুলাই, ২০২৬, ৭:৫৯ পিএম
X
Advertisement

দিনাজপুর হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) ৬৬ জন শিক্ষার্থীর বিরুদ্ধে বিভিন্ন ধরনের শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এদের মধ্যে ৬ জন শিক্ষার্থীকে আজীবনের জন্য বহিষ্কার করা হয়েছে।

বুধবার (১ জুলাই) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার স্বাক্ষরিত এক অফিস আদেশের কপি নোটিশ বোর্ডে টাঙানো হয়েছে। গত ২১ মে সংঘটিত শিক্ষার্থীদের সংঘর্ষ, হল ভাঙচুর ও বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা ভঙ্গের ঘটনায় তদন্ত শেষে ৬৬ জন শিক্ষার্থীর বিরুদ্ধে এই ব্যবস্থা গ্রহণ করে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

আদেশে উল্লেখ করা হয়, গত ২১ মে নূর হোসেন হল ও আবরার ফাহাদ হলের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় বিশ্ববিদ্যালয়ের সম্পদের ক্ষয়ক্ষতি হয় এবং শিক্ষার পরিবেশ বিঘ্নিত হয়। এই শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডের অভিযোগে একটি তদন্ত কমিটি গঠন করা হয়। তদন্ত কমিটির দেওয়া প্রতিবেদন পর্যালোচনা করে বিশ্ববিদ্যালয়ের ৮৪তম বিশেষ সিন্ডিকেট সভায় অভিযুক্ত শিক্ষার্থীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত হয়।

বিশ্ববিদ্যালয় প্রশাসনের সিদ্ধান্ত মোতাবেক অপরাধের ধরন অনুযায়ী অভিযুক্ত শিক্ষার্থীদের চারটি ক্যাটাগরিতে ভাগ করে শাস্তি প্রদান করা হয়েছে।

এর মধ্যে উচ্ছৃঙ্খল আচরণে জড়িত থাকার অভিযোগে ৮ জন শিক্ষার্থীকে ৬ মাসের জন্য হল থেকে বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে তাদের পিতামাতাকে অবহিত করা এবং ২ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

দ্বিতীয় ক্যাটাগরিতে হাতে অস্ত্র নিয়ে ক্যাম্পাসে ভীতিকর পরিস্থিতি সৃষ্টি করার অভিযোগে ৬ জন শিক্ষার্থীকে ১ সেমিস্টারের জন্য একাডেমিক কার্যক্রম থেকে বহিষ্কার করা হয়েছে। পাশাপাশি তাদের ৫ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে। জরিমানা পরিশোধ না করলে তারা একাডেমিক কার্যক্রমে অংশ নিতে বা হলের সুবিধা পেতে পারবে না।

তৃতীয় ক্যাটাগরিতে অস্ত্র হাতে শাস্তিযোগ্য আচরণের অভিযোগে ৪৮ জন শিক্ষার্থীকে ২ সেমিস্টারের জন্য একাডেমিক কার্যক্রম থেকে বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে ১০ হাজার টাকা অর্থদণ্ড আরোপ করা হয়েছে। জরিমানা পরিশোধ না করলে তারা একাডেমিক কার্যক্রমে অংশ নিতে বা হলের সুবিধা পেতে পারবে না।

এছাড়াও কর্তব্য পালনরত অবস্থায় সহকারী প্রক্টর মো. মবিনুল ইসলামের ওপর হামলায় জড়িত থাকার অভিযোগে ৬ জন শিক্ষার্থীকে আজীবনের জন্য বহিষ্কার করা হয়েছে।

এ বিষয়ে প্রক্টর অধ্যাপক ড. নওশের ওয়ান বলেন, তদন্ত কমিটির প্রতিবেদনের ভিত্তিতে এ শাস্তি প্রদান করা হয়েছে এবং অভিযুক্তদের আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেওয়া হয়েছে।

প্রসঙ্গত, গত ২১ মে হাবিপ্রবির নূর হোসেন হল ও আবরার ফাহাদ হলের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় দুই হলের বিভিন্ন কক্ষে ভাঙচুর ও ক্যাম্পাসে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। সংঘর্ষ থামাতে গিয়ে বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর ও উদ্ভিদ রোগতত্ত্ব বিভাগের সহকারী অধ্যাপক মবিনুল ইসলাম হামলার শিকার হন। এ ঘটনায় প্রশাসন তদন্ত কমিটি গঠন করে।

তদন্ত প্রতিবেদনের ভিত্তিতেই এবার ৬৬ শিক্ষার্থীর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করল বিশ্ববিদ্যালয় প্রশাসন।

এএইচ/আরএন
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement