চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলায় পোস্ট অপারেটিভ কক্ষ, প্রয়োজনীয় চিকিৎসাসামগ্রী, দক্ষ নার্স ও প্রয়োজনীয় জনবল ছাড়া কোনো বেসরকারি হাসপাতালে মেজর বা মাইনর অপারেশন পরিচালনা করা হলে সেই প্রতিষ্ঠানের কার্যক্রম বন্ধ করে দেওয়া হবে বলে জানিয়েছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আহমেদ তানভীর হাসান।
মঙ্গলবার দুপুরে উপজেলা ই-সেন্টারে অনুষ্ঠিত জুন মাসের আইন-শৃঙ্খলা সভায় তিনি এ কথা জানান। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইবনে আল জায়েদ হোসেনের সভাপতিত্বে সভায় সম্প্রতি হাজীগঞ্জের একটি বেসরকারি হাসপাতালে প্রসূতি মায়ের মৃত্যুর ঘটনাটি গুরুত্বের সঙ্গে আলোচিত হয়।
ডা. আহমেদ তানভীর হাসান জানান, প্রসূতি মায়ের মৃত্যুর ঘটনায় জেলা ও উপজেলা পর্যায়ের চিকিৎসকদের সমন্বয়ে গঠিত তদন্ত কমিটি সোমবার হাসপাতালটি পরিদর্শন করেছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর তদন্ত কমিটি পূর্ণাঙ্গ প্রতিবেদন দাখিল করবে।
তিনি আরও জানান, গত ২২ জুন উপজেলার সব বেসরকারি চিকিৎসাসেবা প্রতিষ্ঠানে নির্দেশনামূলক চিঠি পাঠানো হয়েছে। এতে বলা হয়েছে, যেসব হাসপাতালে মেজর ও মাইনর অপারেশন করা হয়, সেখানে পোস্ট অপারেটিভ কক্ষ, প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জাম, দক্ষ নার্স ও অন্যান্য প্রয়োজনীয় জনবল নিশ্চিত করতে হবে। অন্যথায় সংশ্লিষ্ট হাসপাতালের কার্যক্রম বন্ধ করে দেওয়া হবে।
উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা জানান, হাজীগঞ্জে বর্তমানে ৩২টি বেসরকারি চিকিৎসাসেবা প্রতিষ্ঠান রয়েছে। এর মধ্যে ১৫টি হাসপাতাল ও ১৭টি ডায়াগনস্টিক সেন্টার। এসব হাসপাতালের অধিকাংশে সিজারিয়ানসহ বিভিন্ন ধরনের মেজর ও মাইনর অপারেশন নিয়মিত পরিচালিত হচ্ছে।
সভায় মাদক প্রতিরোধে ইউনিয়ন ও পৌরসভার প্রতিটি ওয়ার্ডে প্রতিরোধ কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়। এছাড়া আসন্ন এইচএসসি পরীক্ষার্থীদের নির্বিঘ্নে পরীক্ষাকেন্দ্রে পৌঁছানোর সুবিধার্থে হাজীগঞ্জ বাজারের যানজট নিরসনে বিশেষ ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্তও হয়।
সভায় বক্তব্য দেন হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল মান্নান, উপজেলা বিএনপির সদস্য সচিব এম. এ. রহিম পাটওয়ারী, হাজীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি খালেকুজ্জামান শামীম, সাবেক সভাপতি হাসান মাহমুদ, হাজীগঞ্জ পাইলট হাইস্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ আবু ছাইদসহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এবং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানরা উপস্থিত ছিলেন।
এমএইচইউ/এসআর