ঢাকার সাভারে পৃথক স্থানে বিশেষ অভিযান চালিয়ে দুই পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় তাদের কাছ থেকে হেরোইন উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের (ডিবি) পরিদর্শক সাইদুল ইসলাম।
ডিবি সূত্র জানায়, সোমবার রাতে ঢাকা জেলার পুলিশ সুপার শামীমা পারভিনের নির্দেশনায় এবং ডিবি (উত্তর)-এর পরিদর্শক সাইদুল ইসলামের নেতৃত্বে সাভারের সিএন্ডবি মোড় ও নবীনগর সেনা শপিং সেন্টারের পশ্চিম পাশের এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে দুই পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে হেরোইন জব্দ করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন টাঙ্গাইল জেলার কালিহাতী উপজেলার শিহরাইল গ্রামের দুলালের ছেলে আনোয়ার হোসেন ওরফে রাসেল মণ্ডল (৪২) এবং মানিকগঞ্জ জেলার দৌলতপুর উপজেলার হাঠাইল মধুপুর গ্রামের মৃত হরমত মেকারের ছেলে উজ্জ্বল (৫০)।
পরিদর্শক সাইদুল ইসলাম জানান, গ্রেপ্তার হওয়া দুই ব্যক্তি পেশাদার মাদক ব্যবসায়ী এবং তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। উদ্ধার হওয়া মাদকের ঘটনায় তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করা হয়েছে। পরে তাদের আদালতে পাঠানো হয়েছে।
তিনি আরও বলেন, মাদকের বিরুদ্ধে ঢাকা জেলা পুলিশের চলমান অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
ওএফ/এসআর