📍 ঢাকা 📅 সোমবার, ২৯ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩
শিরোনাম
ঘানাকে হারালো ক্রোয়েশিয়া
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: রবিবার, ২৮ জুন, ২০২৬, ৮:৪১ এএম আপডেট: ২৮.০৬.২০২৬ ১১:১৮ এএম
X Advertisement

ঘানার বিপক্ষে ড্র করলেই চলবে এমন ম্যাচে প্রথমার্ধে এক গোল করে এগিয়ে যায় ক্রোয়েশিয়া। দ্বিতীয়ার্ধের খেলায় গোলের দেখা পায় ঘানাও। কিন্তু আবারও গোল করে ২-১ ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে ক্রোয়েশিয়া। ফলে ‘এল’ গ্রুপে দ্বিতীয় হয়ে নকআউটে চলে গেছে ক্রোয়েশিয়া।

গ্রুপে তৃতীয় স্থান নিশ্চিত করেও নকআউট পর্বে জায়গা করে নিয়েছে ঘানা। তবে এই ফলেই শেষ হয়ে গেছে স্কটল্যান্ডের বিশ্বকাপ অভিযান। কারণ, তারা আর সেরা আট তৃতীয়-স্থানধারী দলের একটি হিসেবে শেষ করতে পারছে না। 

যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়ায় ‘এল’ গ্রুপের ম্যাচটিতে প্রথমার্ধে ক্রোয়েশিয়া এগিয়ে যায় পেতার সুচিচের গোলে। দ্বিতীয়ার্ধে গোল করে সমতায় ফেরায় ঘানার ডেরিক লুকাসেন। এরপর আবারও গোল করে ক্রোয়েশিয়ার জয় নিশ্চিত করেন নিকোলা ভ্লাসিচ।

প্রথমার্ধের ৩১ মিনিটে গোলের দেখা পায় ক্রোয়েশিয়া। মাতেও কোভাচিচের পাস থেকে বক্সের বাইরে থেকে ডান পায়ের দুর্দান্ত শটে বল জালের নিচের বাঁ কোণে পাঠান পেতার সুচিচ। এই গোলে ঘানার বিপক্ষে ১-০ ব্যবধানে এগিয়ে যায় ক্রোয়েশিয়া।

গোল হওয়ার এক মিনিট আগেই আরেকটি চেষ্টা চালিয়েছিল ক্রোয়েশিয়া। কিন্তু সেটি বিফলে যায়। ৩০ মিনিটে লুকা মদরিচের ফ্রি কিক থেকে থেকে বক্সের মাঝখান থাকা ইভান পেরিসিচ হেড করেন। তবে ঘানার গোলরক্ষক বেনজামিন আসারে নিচের বাঁ কোণে ঝাঁপিয়ে পড়ে দুর্দান্ত সেভ করেন।

দ্বিতীয়ার্ধের খেলা মাঠে ফিরলেই সুযোগ হাতছাড়া করে ঘানা। ডেরিক লুকাসেনের পাস থেকে বক্সের বাইরে থেকে বাঁ পায়ের শট নেন আবদুল ফাতাউ। তবে তার প্রচেষ্টা গোলবারের অনেক ওপর দিয়ে চলে যায়।

বক্সের বাইরে থেকে বাঁ পায়ের শট নেন কামালদীন সুলেমানা। তবে ক্রোয়েশিয়ার এক ডিফেন্ডার শটটি ব্লক করে দেওয়ায় ৫৬ মিনিটে গোলের সুযোগ আবারও নষ্ট হয় ঘানার।

৬৮ মিনিটে হলুদ কার্ড দেখেন ক্রোয়েশিয়ার ইভান পেরিসিচ। ৭৩ মিনিটে সমতা ফেরায় ঘানা। সেট-পিস থেকে আর্নেস্ট নুয়ামাহর ভাসানো ক্রস পেয়ে খুব কাছ থেকে বাঁ পায়ের শটে বল জালের নিচের ডান কোণে পাঠান ডেরিক লুকাসেন। প্রথমে গোলটি নিয়ে সন্দেহ থাকলেও ভিএআর পর্যালোচনার পর গোলের সিদ্ধান্ত বহাল রাখেন রেফারি।

৮১ মিনিটে মার্টিন বাতুরিনার পাস থেকে বক্সের বাইরে থেকে বাঁ পায়ের জোরালো শট নেন মারিও পাসালিচ। তবে ঘানার গোলরক্ষক বেনজামিন আসারে লাফিয়ে উঠে বলটি গোলের ওপরের মাঝখান থেকে দুর্দান্তভাবে সেভ করেন।

এরপর ৮২ মিনিটে লুকা মদরিচের কর্নার থেকে ভাসানো নিখুঁত ক্রস পেয়ে বক্সের মাঝখান থেকে দুর্দান্ত হেডে বল জালের নিচের বাঁ কোণে পাঠান নিকোলা ভ্লাসিচ। এই গোলে ঘানার বিপক্ষে ২-১ ব্যবধানে আবারও এগিয়ে যায় ক্রোয়েশিয়া।

এরপর দুই দল একাধিক চেষ্টা চালালেও আর গোলের দেখা পায়নি দুই দলের কেউই। ফলে ২-১ ব্যবধানে জিতে গ্রুপে দ্বিতীয় হয়ে নকআউটে চলে গেছে ক্রোয়েশিয়া।

এমএ
Loading...
Loading...
আরো দেখুন
Editor : Iqbal Sobhan Chowdhury
Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
Editorial, News and Commercial Offices : Aziz Bhaban (2nd floor), 93, Motijheel C/A, Dhaka-1000.
Phone: PABX- 41053001-06; Online: 41053014; 01550707297 Advertisement: 41053012; 01550707296

E-mail: [email protected] [email protected]
🔝