ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কঠোর নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে রাজধানীতে পবিত্র আশুরা উপলক্ষে ঐতিহ্যবাহী তাজিয়া শোক মিছিল শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে।
শুক্রবার (২৬ জুন) সকাল ১০টায় পুরান ঢাকার ঐতিহাসিক হোসাইনী দালান ইমামবাড়া থেকে মিছিলটি শুরু হয়। এতে হাজারো শোকাহত মানুষ খালি পায়ে অংশ নিয়ে ‘হায় হোসেন, হায় হোসেন’ ধ্বনিতে কারবালার শোক স্মরণ করেন।
ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) নিয়াজ মেহেদী জানান, মিছিলটি হোসাইনী দালান থেকে শুরু হয়ে বকশিবাজার, আজিমপুর, নীলক্ষেত, ঢাকা কলেজ, সায়েন্সল্যাব, ধানমন্ডিসহ বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বিকেল আড়াইটায় ধানমন্ডি লেকের প্রতীকী কারবালা প্রান্তে গিয়ে শেষ হয়।
তিনি বলেন, তাজিয়া মিছিলকে কেন্দ্র করে আগে থেকেই বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছিল। মিছিলে দা, ছোরা, কাঁচি, বর্শা, বল্লম, তরবারি, লাঠিসহ সব ধরনের অস্ত্র বহন এবং আতশবাজি ও পটকা ফোটানো নিষিদ্ধ করা হয়।
নিরাপত্তা নিশ্চিত করতে বিপুলসংখ্যক পুলিশ সদস্য মোতায়েন করা হয়। ডিএমপি কমিশনারের নির্দেশনায় সব পর্যায়ের কর্মকর্তা ও সদস্যরা দায়িত্ব পালন করেন। ফলে কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়াই শান্তিপূর্ণভাবে তাজিয়া মিছিল সম্পন্ন হয়।
উল্লেখ্য, ১০ মহররম পবিত্র আশুরা মুসলিম বিশ্বের জন্য শোক ও তাৎপর্যের একটি দিন। এ উপলক্ষে রাজধানীর হোসাইনী দালান, বড় কাটারা ইমামবাড়াসহ বিভিন্ন স্থানে শোকানুষ্ঠান ও তাজিয়া মিছিলের আয়োজন করা হয়।
-টিএস