নোয়াখালীর সুবর্ণচরে নসিমন উল্টে রহিম উল্যাহ (৩২) নামে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। সোমবার বিকেল ৫টার দিকে উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের করিম বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত রহিম উল্যাহ একই ইউনিয়নের তোরাব আলী গ্রামের মৃত শফিউল্যাহ সওদাগরের ছেলে।
জানা যায়, রহিম স্থানীয় করিম বাজার এলাকায় একটি মুরগির খামার পরিচালনা করতেন। বিকেলে খাসেরহাট বাজার থেকে নসিমনে করে মুরগির খাদ্য নিয়ে বাড়ি ফিরছিলেন। পথে করিম বাজার সংলগ্ন একটি খালের পাশে পৌঁছালে নসিমনটি নিয়ন্ত্রণ হারিয়ে খালে উল্টে পড়ে। এতে তিনি নসিমনের নিচে চাপা পড়ে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. লুৎফর রহমান বলেন, 'খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে। পরিবারের সঙ্গে কথা বলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।'
এমআর/এমএ