ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
নাফ নদী থেকে ফের ৪ বাংলাদেশি জেলেকে ধরে নিয়ে গেল আরাকান আর্মি
✎ অবজারভার প্রতিনিধি
⏲ প্রকাশিত: সোমবার, ১৮ মে, ২০২৬, ৯:৫১ পিএম
X

কক্সবাজারের টেকনাফে নাফ নদীতে মাছ ধরার সময় আবারও চার বাংলাদেশি জেলেকে আটক করে নিয়ে গেছে আরাকান আর্মি। এ সময় তাদের ব্যবহৃত দুটি ইঞ্জিনচালিত মাছ ধরার নৌকাও নিয়ে যাওয়া হয়। ঘটনায় টেকনাফের জেলেপল্লীগুলোতে নতুন করে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

সোমবার (১৮ মে) দুপুরে টেকনাফের সাবরাং সীমান্তের পূর্ব পাশে নাফ নদীতে এ ঘটনা ঘটে।

আটক জেলেরা হলেন— টেকনাফ পৌরসভার ৯ নম্বর জালিয়াপাড়া এলাকার সৈয়দ আমিনের ছেলে মো. মনির আহমেদ (৪৫), একই এলাকার জাহাঙ্গীর আলমের ছেলে মো. ইয়াছিন (১৮), মৃত আব্দুল নবীর ছেলে আব্দুল মালেক (৫০) এবং জাফর আলমের ছেলে মো. জামাল হোসেন (৪০)।

স্থানীয় জেলেরা জানান, টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) এর সাবরাং বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত পিলার-৪ এর প্রায় দুই কিলোমিটার পূর্ব দিকে নাফ নদীতে মাছ ধরছিলেন তারা। একপর্যায়ে নৌকাগুলো অনাকাঙ্ক্ষিতভাবে বাংলাদেশের জলসীমা অতিক্রম করে মিয়ানমারের অভ্যন্তরে প্রবেশ করলে আরাকান আর্মির সদস্যরা জেলেদের আটক করে নিয়ে যায়।

জেলেদের দাবি, মাছের সন্ধানে নাফ নদীতে যেতে গিয়ে অনেক সময় অনিচ্ছাকৃতভাবে জলসীমা অতিক্রম হয়ে যায়। তবে বর্তমান রাখাইন পরিস্থিতির কারণে নদীতে আরাকান আর্মির টহল ও নজরদারি বাড়ানো হয়েছে। ফলে সামান্য ভুলেও জেলেদের আটক হওয়ার ঝুঁকি তৈরি হচ্ছে।

এ বিষয়ে টেকনাফ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হানিফুর রহমান ভূঁইয়া বলেন, “নাফ নদীতে মাছ ধরার সময় বাংলাদেশি জেলেদের দুটি ইঞ্জিনচালিত নৌকা অনাকাঙ্ক্ষিতভাবে মিয়ানমারের জলসীমায় প্রবেশ করলে আরাকান আর্মির সদস্যরা চার জেলেকে আটক করে নিয়ে যায় বলে জেনেছি। বিষয়টি নিয়ে বিস্তারিত তথ্য সংগ্রহ ও যাচাই-বাছাই কার্যক্রম চলমান রয়েছে।”

এর আগে গত ৯ মে আরাকান আর্মির কাছ থেকে ১৪ বাংলাদেশি জেলেকে ফিরিয়ে আনে বিজিবি। পরে যাচাই-বাছাই শেষে তাদের আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

এইএচএসইউ/এসআর


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝