নবীন শিক্ষকদের ক্যারিয়ার উন্নয়নে গবেষণার কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেছেন খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. রেজাউল করিম।
সোমবার (১১ মে) খুলনা বিশ্ববিদ্যালয়ের রিসার্চ অ্যান্ড ইনোভেশন সেন্টার (আরআইসি) আয়োজিত ‘রিসার্চ ফর একাডেমিকস: আর্লি ক্যারিয়ার পার্সপেক্টিভ’ শীর্ষক দিনব্যাপী কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গবেষণা সম্মেলন কক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
উপাচার্য বলেন, খুলনা বিশ্ববিদ্যালয়কে একটি প্রভাবশালী গবেষণাভিত্তিক বিশ্ববিদ্যালয় হিসেবে গড়ে তোলাই বর্তমান প্রশাসনের অন্যতম লক্ষ্য। এ লক্ষ্য অর্জনে গবেষণায় নিজস্ব স্বকীয়তা বজায় রেখে বিশ্বমানের প্রতিযোগিতায় সক্ষমতা প্রমাণ করতে হবে। গবেষণা কার্যক্রমে দৃশ্যমান অগ্রগতি আনতে বিশ্ববিদ্যালয়ে ইতোমধ্যে বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানান তিনি।
তিনি আরও বলেন, ক্যারিয়ারের শুরু থেকেই শিক্ষকদের গবেষণামুখী মানসিকতা গড়ে তুলতে হবে। একই সঙ্গে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহারের ক্ষেত্রে সচেতনতা ও নৈতিকতা বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন তিনি। গবেষণার মান ও আন্তর্জাতিক গ্রহণযোগ্যতা বাড়াতে ‘খুলনা ইউনিভার্সিটি স্টাডিজ’ জার্নালকে ইনডেক্সভুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানান উপাচার্য।
বিশেষ অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. মো. নূরুন্নবী বলেন, একজন বিশ্ববিদ্যালয় শিক্ষককে শুরু থেকেই গবেষণামুখী হতে হবে। উচ্চমানের গবেষণাই একজন শিক্ষকের একাডেমিক ও পেশাগত সক্ষমতার ভিত্তি গড়ে তোলে।
রিসার্চ অ্যান্ড ইনোভেশন সেন্টারের পরিচালক প্রফেসর ড. কাজী মোহাম্মদ দিদারুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বিজ্ঞান, প্রকৌশল ও প্রযুক্তিবিদ্যা স্কুলের ডিন প্রফেসর ড. মো. আশরাফুল আলম। স্বাগত বক্তব্য দেন আরআইসির যুগ্ম পরিচালক প্রফেসর ড. মো. আসাদুজ্জামান।
প্রভাষকদের মধ্য থেকে বক্তব্য দেন সমাজবিজ্ঞান ডিসিপ্লিনের ফেরদৌসি জাহান ঐশি এবং কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ডিসিপ্লিনের আব্দুল্লাহ আল নোমান। অনুষ্ঠান সঞ্চালনা করেন রিসার্চ অফিসার সাজ্জাদ হোসেন তুহিন।
উদ্বোধনী পর্ব শেষে ‘ডেভেলপিং এ রিসার্চ আইডেন্টিটি অ্যান্ড রিসার্চ এথিকস’, ‘রিসার্চ স্কিলস অ্যান্ড মেথডোলজি’, ‘পাবলিকেশন, ডিসেমিনেশন অ্যান্ড কলাবোরেশন’ এবং ‘রিসার্চ অপরচুনিটিজ অ্যান্ড ফান্ডিং: খুলনা ইউনিভার্সিটি অ্যান্ড বিয়ন্ড’ বিষয়ে চারটি টেকনিক্যাল সেশন অনুষ্ঠিত হয়।
সেশনগুলো পরিচালনা করেন উপাচার্য প্রফেসর ড. মো. রেজাউল করিম, ট্রেজারার প্রফেসর ড. মো. নূরুন্নবী এবং আরআইসির পরিচালক প্রফেসর ড. কাজী মোহাম্মদ দিদারুল ইসলাম। এতে গবেষণার নৈতিকতা, দক্ষতা উন্নয়ন, প্রকাশনা কৌশল, গবেষণা সহযোগিতা ও অর্থায়নের সুযোগ নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
দিনব্যাপী এ কর্মশালায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ডিসিপ্লিনের প্রভাষকরা অংশগ্রহণ করেন।
এসএমএস/এসআর