ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
অনুমোদন ছাড়াই রঙ উৎপাদন, কারখানাকে ২ লাখ টাকা জরিমানা
✎ অবজারভার প্রতিবেদক
⏲ প্রকাশিত: রবিবার, ১০ মে, ২০২৬, ৫:৩৫ পিএম
X

অনুমোদন ও প্রয়োজনীয় কাগজপত্র ছাড়াই বিভিন্ন নামে রঙ উৎপাদনের অভিযোগে রাজধানীর হাতিরঝিল এলাকার ‘সিলভার পেইন্টস’ নামে একটি কারখানাকে ২ লাখ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। একই সঙ্গে প্রয়োজনীয় অনুমোদন না পাওয়া পর্যন্ত প্রতিষ্ঠানটির উৎপাদন কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

রোববার দুপুরে ভোক্তা অধিকারের বিশেষ অভিযানে এ জরিমানা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন অধিদপ্তরের ঢাকা বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক নয়ন কুমার সাহা ও সহকারী পরিচালক মো. আব্দুস সালাম।

অভিযান সূত্রে জানা যায়, দীর্ঘ ১০ বছর ধরে প্রতিষ্ঠানটি সরকারি বিভিন্ন দপ্তরের অনুমোদন ও সনদ ছাড়াই বিভিন্ন ধরনের শিল্প রঙ উৎপাদন ও বাজারজাত করে আসছিল। ভোক্তাদের আকৃষ্ট করতে তারা বিভিন্ন বিদেশি নাম ব্যবহার করত। এছাড়া মোড়কজাত পণ্যে কোনো মূল্য উল্লেখ ছাড়াই বাজারজাত করা হচ্ছিল।

অভিযানের সময় কারখানার ভেতরে কেমিক্যাল সংরক্ষণ ও উৎপাদন পদ্ধতিকে ঝুঁকিপূর্ণ বলে মনে হয়েছে বলে জানান সংশ্লিষ্ট কর্মকর্তারা।

উপ-পরিচালক নয়ন কুমার সাহা বলেন, “ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের বিভিন্ন ধারায় প্রতিষ্ঠানটিকে ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে। জনস্বাস্থ্য ও পরিবেশের ঝুঁকির বিষয়টি বিবেচনায় এনে কারখানাটিকে সতর্ক করা হয়েছে।”

তিনি আরও বলেন, “নিয়ম না মেনে পরিচালিত সব প্রতিষ্ঠানের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।”

একই অভিযানে অস্বাস্থ্যকর পরিবেশে বোতলজাত পানি উৎপাদন এবং সাধারণ লাইন থেকে জীবাণুযুক্ত পানি সংগ্রহ করে বাজারজাত করার অভিযোগে ‘রাওয়া ড্রিংকিং ওয়াটার’ নামে একটি প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

এসআর


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝