দীর্ঘ ১১ বছরেও নতুন পে-স্কেল বাস্তবায়ন না হওয়ায় দেশের সরকারি কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে তীব্র অসন্তোষ ও হতাশা বিরাজ করছে। নিত্যপ্রয়োজনীয় পণ্যের লাগামহীন মূল্যবৃদ্ধি, জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি এবং বিদ্যমান বেতন কাঠামোর অসামঞ্জস্যের কারণে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা চরম আর্থিক সংকটে পড়েছেন বলে মন্তব্য করেছেন বক্তারা।
৯ম জাতীয় পে-স্কেলের গেজেট দ্রুত প্রকাশ ও বাস্তবায়নের দাবিতে বাংলাদেশ সরকারি কর্মকর্তা-কর্মচারী কল্যাণ সমিতি, খুলনা জেলা শাখার উদ্যোগে শনিবার সন্ধ্যায় খুলনার হোটেল জেলিকোর সেমিনার কক্ষে বিভাগীয় প্রতিনিধি সমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে জেলার বিভিন্ন সরকারি দপ্তর, শিক্ষাপ্রতিষ্ঠান ও প্রশাসনিক ইউনিটের কর্মকর্তা-কর্মচারীরা অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সরকারি কর্মকর্তা-কর্মচারী কল্যাণ সমিতির কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক মো. আবদুল মালেক।
সভাপতিত্ব করেন খুলনা জেলা কমিটির সভাপতি সোহানা মির্জা।
প্রধান বক্তা হিসেবে কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব আশিকুল ইসলাম ভিডিও কনফারেন্সের মাধ্যমে বক্তব্য প্রদান করেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক মু. শাহাবুদ্দিন মুন্সী, মোঃ শাহিন খান এবং কেন্দ্রীয় কমিটির সদস্য মোঃ রাসেল শেখ।
স্বাগত বক্তব্য রাখেন শেখ মহি উদ্দিন প্রিন্স।
অনুষ্ঠান সঞ্চালনা করেন মো. নাজমুল ইসলাম ও রাসেল আহমেদ শরীফ।
সার্বিক তত্ত্বাবধায়নে ছিলেন অর্থ বিষয়ক সম্পাদক কামরুল হাসান।
প্রধান অতিথির বক্তব্যে মো. আবদুল মালেক বলেন, 'সরকারি কর্মকর্তা-কর্মচারীরা রাষ্ট্র পরিচালনার অন্যতম প্রধান শক্তি। কিন্তু দীর্ঘদিনেও নতুন পে-স্কেল বাস্তবায়ন না হওয়ায় আমাদের জীবনমান মারাত্মক ভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে।'
এমএস/এমএ