ভোলার চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তিন মাস বয়সী এক কন্যাশিশুকে রেখে অজ্ঞাতনামা এক নারীর চলে যাওয়ার ঘটনা ঘটেছে।
শুক্রবার সন্ধ্যায় হাসপাতালের মহিলা ওয়ার্ডে এ ঘটনা ঘটে।
হাসপাতাল সূত্রে জানা যায়, সন্ধ্যা আনুমানিক ৬টা থেকে রাত ৮টার মধ্যে এক নারী চিকিৎসাধীন এক রোগীর স্বজনদের কাছে টয়লেটে যাওয়ার কথা বলে শিশুটিকে রেখে যান। দীর্ঘ সময় পার হলেও তিনি ফিরে না আসায় সন্দেহ সৃষ্টি হয়। পরে রোগীর স্বজন ফারজানা (১৫) ও লিজা (২২) শিশুটিকে কান্নাকাটি করতে দেখে কর্তব্যরত চিকিৎসকদের বিষয়টি জানান।
খবর পেয়ে কর্তব্যরত চিকিৎসক ডা. আশরাফুল ইসলাম দিপু শিশুটির প্রাথমিক চিকিৎসা শুরু করেন। পরে হাসপাতাল কর্তৃপক্ষ বিষয়টি চরফ্যাশন থানাকে অবহিত করলে উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমানা আফরোজ শিশুটির দেখভালের দায়িত্ব উপজেলা সমাজসেবা অধিদপ্তরকে দেন। একই সঙ্গে শিশুটির মায়ের সন্ধানে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশনা দেওয়া হয়।
চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিক্যাল অফিসার ডা. মাকসুদুর রহমান জানান, শিশুটি খিঁচুনিজনিত সমস্যায় ভুগছে এবং বর্তমানে চিকিৎসকদের তত্ত্বাবধানে রয়েছে। উপজেলা প্রশাসনের তত্ত্বাবধানে তার প্রয়োজনীয় চিকিৎসা ও পরিচর্যা চলছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমানা আফরোজ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শোভন কুমার বসাক এবং চরফ্যাশন থানার ওসি নিয়মিত শিশুটির খোঁজখবর নিচ্ছেন বলে জানা গেছে।
এ ঘটনায় এলাকায় মানবিক উদ্বেগের সৃষ্টি হয়েছে। শিশুটির সুস্থতা ও নিরাপদ ভবিষ্যতের জন্য স্থানীয়রা দোয়া ও মানবিক সহায়তার আহ্বান জানিয়েছেন।
এসএফ/এসআর