রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া পদ্মা নদীতে জেলের জালে ধরা পড়া ২১ কেজি ওজনের একটি কাতল মাছ ৪৩ হাজার টাকায় বিক্রি হয়েছে।
মঙ্গলবার (৫ মে) সকালে দৌলতদিয়া মাছ বাজারের আনু খাঁর আড়তে উন্মুক্ত নিলামের মাধ্যমে মাছটি বিক্রি করা হয়। মাছটি কিনে নেন ৫ নম্বর ফেরিঘাটের মাছ ব্যবসায়ী সম্রাট শাহজাহান শেখ।
জেলে নবীন হালদার জানান, ভোরের দিকে দৌলতদিয়া ৭ নম্বর ফেরিঘাট এলাকায় পদ্মা নদীতে জাল ফেললে বড় ধরনের ধাক্কা অনুভব করেন। পরে জাল তুলে দেখতে পান বড় একটি কাতল মাছ ধরা পড়েছে।
তিনি আরও জানান, মাছটি দৌলতদিয়া বাজারের আড়তে নেওয়ার পর কেজিপ্রতি ২ হাজার টাকা দরে নিলামে ৪৩ হাজার টাকায় বিক্রি করা হয়।
ক্রেতা সম্রাট শাহজাহান শেখ বলেন, মাছটি তিনি কেজিপ্রতি ২ হাজার টাকা দরে কিনেছেন। পরে সামান্য লাভে বাজারে বিক্রি করবেন বলে জানান তিনি।
এসআই/এসআর