সুন্দরবনে পর্যটকদের উপর হামলা ও ডাকাতির চেষ্টাকালে দু'জনকে আটক করেছে কোস্ট গার্ড। মঙ্গলবার সকালে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।
আটককৃতরা হলেন- রাজন সরদার (২৫) ও রতন সরদার (১৪)। তারা উভয়েই খুলনার দাকোপ উপজেলার বাসিন্দা।
সাব্বির আলম বলেন, 'সোমবার ভোর ৪টার দিকে একদল দুষ্কৃতিকারী চক্র খুলনার দাকোপ থানাধীন ঢাংমারী খাল সংলগ্ন সুন্দরী ইকো রিসোর্টে আগত পর্যটকদের উপর হামলা ও লুটপাটের উদ্দেশ্যে রিসোর্টের জানালার গ্রিল ভেঙে ভিতরে প্রবেশ করে। এ সময় রিসোর্ট কর্তৃপক্ষ বিষয়টি টের পেয়ে ধাওয়া করলে দুষ্কৃতিকারীরা পালিয়ে যায়। পরবর্তীতে রিসোর্ট কর্তৃপক্ষ বিষয়টি কোস্ট গার্ডকে অবগত করে।'
প্রাপ্ত তথ্যের ভিত্তিতে, সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ এবং গোয়েন্দা নজরদারির মাধ্যমে সোমবার বিকেল ৫টার দিকে কোস্ট গার্ড বেইস মোংলা কর্তৃক ওই এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালে ঢাংমারী খাল সংলগ্ন এলাকা থেকে ডাকাতি চেষ্টায় জড়িত থাকায় রাজন সরদার ও রতন সরদারকে আটক করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়- তারা দীর্ঘদিন যাবৎ চুরি ও ছিনতাইয়ের সাথে জড়িত ছিল। আটককৃত ব্যক্তিদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য দাকোপ থানায় হস্তান্তর করা হয়।
সাব্বির আলম বলেন, 'কোস্ট গার্ড দেশের উপকূলীয় ও নদী তীরবর্তী এলাকার আইন-শৃঙ্খলা রক্ষা, চোরাচালান প্রতিরোধ এবং জননিরাপত্তা নিশ্চিতকরণে সর্বদা তৎপর রয়েছে। দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।'
এসএম/এমএ