ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
কৃষকের ঘাড়ে এক মাসে লাখ টাকার বিদ্যুৎ বিলের বোঝা
✎ অবজারভার প্রতিনিধি
⏲ প্রকাশিত: মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬, ২:৪৫ পিএম
X

খাগড়াছড়িতে বিদ্যুৎ বিল নিয়ে তুঘলকি কান্ড। জেলার রামগড়ে এক কৃষক পরিবারের আবাসিক মিটার সংযোগে গেল মার্চ মাসে ব্যবহৃত ৭০ ইউনিটের বিপরীতে বিদ্যুৎ বিতরণ বিভাগ ৭ হাজার ইউনিটের বিলের কাগজ ধরিয়ে দিয়েছেন। এ নিয়ে এলাকায় ব্যাপক আলোচনা সমালোচনা শুরু হয়েছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দেখে এ ঘটনার সত্যতা যাচাইয়ে সরেজমিনে রামগড়ের পাতাছড়া ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের মাহবুব নগর গ্রামে গিয়ে দেখা যায়, কৃৃষক হারুনুর রশীদের টিন শেড বাড়িতে তিনটি কক্ষ। বাড়িতে সবমিলিয়ে তিনটি বাতি, দুটি ফ্যান ও একটি পানি তোলার মোটর রয়েছে। হারুন ও তার স্ত্রী বসবাস করেন বাড়িতে।

প্রয়োজন ছাড়া তেমন একটা বিদ্যুৎ ব্যবহারও করেন না বলে দাবি করেন হারুন। তারপরও কিভাবে এত টাকার বিল হলো তা নিয়ে তিনি দুশ্চিন্তায় পড়েছেন।

তিনি বলেন, 'বোনের নামে নামানো মিটার সংযোগ ব্যবহার করলেও নিয়মিত বিল পরিশোধ করে আসছেন তিনি। গেল জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসে মিটারে বিল ছিল ৮৮ ও ৯২ টাকা। মার্চ মাসের বিল পাওয়ার পর গেল শনিবার জালিয়াপাড়া বাজারে বিদ্যুৎ বিল পরিশোধ করতে যান। এ সময় মোবাইল ফাইন্যান্স সার্ভিসের দোকানদারের নজরে এ তুঘলকি কান্ড প্রথম ধরা পড়ে। বিলের কাগজে হারুন ১ লাখ ৪ হাজার ১১১ টাকা দেখে অবাক হয়ে যান। দোকানদার তখন পরের দিন রামগড় বিদ্যুৎ অফিসে যোগাযোগের পরামর্শ দেন এবং বিলের কাগজের ছবি দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোষ্ট করেন। ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে রোববার সকালে রামগড় বিদ্যুৎ অফিসের লোক হারুনের বাড়িতে এসে বিলের কাগজ নিয়ে যান এবং পরবর্তীতে সংশোধনের আশ্বাস দেন।'

রামগড় বিদ্যুৎ অফিসের আবাসিক প্রকৌশলী কাওসার আহমেদ প্রথমে বিষয়টি এড়িয়ে যাওয়ার চেষ্টা করলেও পরবর্তীতে স্বীকার করে বলেন, 'মিটার রিডিং নোটে ৭০ ইউনিটের স্থলে ৭ হাজার লেখায় প্রিন্ট হয়ে আসা বিলের কাগজে এ ভুল হয়েছে। নতুন করে বিল সংশোধন করে কাগজ প্রদান করা হবে এবং ভবিষ্যতে এমন ভুল যেন না হয় সে ব্যাপারে সতর্কতা অবলম্বন করা হবে।'

এদিকে, মিটার না দেখে রিডিং, অতিরিক্ত রিডিংয়ে বিল করার অভিযোগ দীর্ঘদিনের হলেও বিদ্যুৎ বিভাগ যেন সংশোধন হওয়ার নয়। দীঘিনালা, পানছড়িসহ বিভিন্ন উপজেলায় বিদ্যুৎ বিভাগের বিরুদ্ধে গ্রাহকদের বিক্ষোভ হয়েছে বিগত সময়ে। 

এসব বিষয়ে আনুষ্ঠানিক ভাবে জেলা বিদ্যুৎ বিতরণ বিভাগের কেউ মন্তব্য না করলেও এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, 'অনেকটা অফিসিয়াল মৌখিক নির্দেশে এমন ঘটনা ঘটছে। মূলত সিস্টেম লস সমন্বয় ও বিলের টার্গেট পূরণ করতে গিয়ে এমন ঘটনা ঘটে থাকে।'

এনএম/এমএ


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝