টাঙ্গাইলের মধুপুরে সড়ক দুর্ঘটনায় একজন নিহত ও অন্তত ১০ জন আহত হয়েছেন।
রোববার (২৬ এপ্রিল) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার গোলাবাড়ী ব্রিজের পাশে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে একটি পিকআপ ভ্যান মধুপুর থেকে জামালপুরের দিকে যাচ্ছিল। পথে গোলাবাড়ী ব্রিজ এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ব্যাটারিচালিত দুটি অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশা দুটিতে থাকা চালকসহ কয়েকজন যাত্রী গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় একজন মারা যান বলে জানা গেছে।
নিহত ব্যক্তি ধনবাড়ী উপজেলার ধোপাখালী ইউনিয়নের উত্তর নরিল্যা এলাকার মৃত আসতুল্ল্যাহর ছোট ছেলে ফজলুল হক (৬১)। আহতদের নাম-পরিচয় জানা যায়নি।
মধুপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) একে এম ফজলুল হক বলেন, দুর্ঘটনার সংবাদ পাওয়া মাত্রই থানার এসআই মো. সেলিম শিকদারসহ অন্য পুলিশ সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে। তবে দুর্ঘটনায় দুমড়ে মুচড়ে যাওয়া গাড়ী ছাড়া আর কিছুই পায়নি। পিকাপ ভ্যানটিকে থানায় আনা হয়েছে। ঘটনা ঘটনার সাথে সাথেই ড্রাইভার পালিয়ে গেছে বলে জানা গেছে। তবে জানতে পারছি, আহতদের মধ্যে একজন মারা গেছে।
এইচআর/এসআর