জামালপুরে এক গৃহবধূকে দলবদ্ধভাবে ধর্ষণের দায়ে তিনজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি প্রত্যেককে দুই লাখ টাকা করে অর্থদণ্ড প্রদান করেছে আদালত।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১-এর বিচারক মুহাম্মদ আব্দুর রহিম এ রায় ঘোষণা করেন।
দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন—জামালপুর শহরের খুপিবাড়ীর বুলবুল আহমেদ (৪৫), কালাম মাক্কু (৫০) ও রুকু (৫৫)।
মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট ফজলুল হক জানান, ২০২৩ সালের ১৪ মে রাত ১০টার দিকে জামালপুর পৌর এলাকার শাহ জামালের মাজারের সামনে থেকে ওই গৃহবধূকে অপহরণ করা হয়। পরে তাকে বুলবুল আহমেদের বাড়িতে নেওয়া হয় এবং সেখানে তাকে জোরপূর্বক বিয়ে দেওয়ার চেষ্টা করা হয়। একপর্যায়ে ভুক্তভোগীকে দলবদ্ধভাবে ধর্ষণ করা হয়।
এ ঘটনার পর দিন ভুক্তভোগী নারী তার স্বামীকে ঘটনার কথা জানানোর পর, তার স্বামী বাদী হয়ে জামালপুর সদর থানায় ধর্ষণ মামলা দায়ের করেন। মামলার দুই বছর পর, ১০ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে আজ আদালত তাদের তিনজনকে মৃত্যুদণ্ড ও প্রত্যেককে দুই লক্ষ টাকা করে অর্থদণ্ডাদেশ দেয়।
এলএইচ/আরএন