খুলনায় হাম উপসর্গে সাদী নামে আরও এক শিশুর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার সকালে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের হামের আইসোলেশন সেন্টারে তার মৃত্যু হয়। এ নিয়ে খুলনার দশ জেলায় মোট ১১ জন শিশুর মৃত্যু হলো।
এছাড়া এ পর্যন্ত খুলনাঞ্চলে হাম উপসর্গে চিকিৎসা নিয়েছে ২ হাজার ৩৪ জন শিশু। এরমধ্যে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে ১ হাজার ৬৭৮ জন। চিকিৎসা নিয়ে ফিরে গেছে ১ হাজার ৩৬৬ জন।
খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডাঃ কাজী আইনুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।
হাসপাতাল সূত্রে জানা যায়, খুলনা দিঘলিয়া উপজেলার সদর ইউনিয়নের বাসিন্দা আসাদ শেখ এর তিন মাস বয়সী শিশু সাদীকে নিয়ে গত ১৯ এপ্রিল খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের হামের আইসোলেশন সেন্টারে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার দুপুর ১২টায় শিশুটির মৃত্যু হয়।
খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডাঃ কাজী আইনুল ইসলাম বলেন, শিশুটির বয়স মাত্র তিন মাস। হামের উপসর্গ এবং ঠান্ডাজনিত রোগ নিয়ে হাসপাতালে এসেছিলো গত ১৯ তারিখে। খুবই ছোট শিশু কিন্তু ইমিউনিটি ফেল করার কারণে চিকিৎসা দিয়েও আসলে শিশুটিকে বাচিয়ে রাখা যায়নি। বর্তমানে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের আইসোলেশন সেন্টারে ১৮টি শিশু চিকিৎসাধীন রয়েছে বলে তিনি জানান।
এসএমএস/এসআর