রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় পদ্মা নদীতে জেলের জালে ধরা পড়া দুইটি কাতল মাছ ৯৬ হাজার টাকায় বিক্রি হয়েছে। প্রায় সাড়ে ২৮ কেজি ও ১৮ কেজি ওজনের এই কাতল দুটি কুষ্টিয়া এলাকার একজন সিঙ্গাপুর প্রবাসী তার পরিবারের জন্য কিনে নেন।
শুক্রবার (১৭ এপ্রিল) সকালে দৌলতদিয়া টার্মিনাল মাছ বাজারে রেজাউল মণ্ডল ও আনু খাঁর মৎস্য আড়ত থেকে নিলামে মাছ দুটি কেনেন মাছ ব্যবসায়ী সম্রাট শাহজাহান শেখ।
সম্রাট শাহজাহান বলেন, বৃহস্পতিবার রাতে জেলে এরশাদ হালদার ও জীবন হালদার ইঞ্জিনচালিত ট্রলার নিয়ে একজন পদ্মা এবং অন্যজন যমুনা নদীর মোহনায় পৃথক স্থানে জাল ফেলেন। ভোরের দিকে জাল তুলতেই তারা দেখতে পান, দুজনের জালেই একটি করে বিশাল আকৃতির কাতল মাছ ধরা পড়েছে। সকালে মাছ দুটি তারা বিক্রির জন্য আড়তে নিয়ে এলে উন্মুক্ত নিলামে ওঠে। এতে সাড়ে ২৮ কেজি ওজনের কাতল মাছটি কেজিপ্রতি ২২০০ টাকা দরে মোট ৬২ হাজার ৭০০ টাকা এবং ১৮ কেজির কাতল মাছটি কেজিপ্রতি ১৬০০ টাকা দরে ২৮ হাজার ৮০০ টাকায় বিক্রি হয়। মোট বিক্রয়মূল্য দাঁড়ায় ৯১ হাজার ৫০০ টাকা।
শাহজাহান আরও জানান, মাছ দুটি বিক্রির পর তিনি তার ফেসবুক আইডিতে ছবি ও ভিডিও শেয়ার করলে সিঙ্গাপুর প্রবাসী কুষ্টিয়ার এক বাসিন্দা এগুলো কেনার আগ্রহ দেখান। পরে তিনি কেজিপ্রতি ১০০ টাকা লাভে ৯৬ হাজার ১০০ টাকায় মাছ দুটি তার কাছে বিক্রি করে কুষ্টিয়ার ঠিকানায় পাঠিয়ে দেন।
এ বিষয়ে গোয়ালন্দ উপজেলা মৎস্য কর্মকর্তা আনোয়ারুল ইসলাম পাইলট বলেন, ৯৬ হাজার টাকায় পদ্মা নদীর দুইটি কাতল মাছ বিক্রির বিষয়ে তার জানা নেই। তবে এ এলাকায় মাঝেমধ্যেই জেলেদের জালে বিভিন্ন ধরনের বড় বড় মাছ ধরা পড়ে। এসব মাছ শিকার করে জেলে ও ব্যবসায়ীরা লাভবান হচ্ছেন।
এসআই/আরএন