রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া এলাকায় পদ্মা নদীতে জেলের জালে ধরা পড়েছে বিশাল আকৃতির ২৫ কেজির একটি কাতলা মাছ, যা শেষ পর্যন্ত প্রায় অর্ধলক্ষ টাকায় বিক্রি হয়েছে।
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) ভোরে দৌলতদিয়া ফেরিঘাট সংলগ্ন পদ্মা নদীতে সুকান্ত হালদার ও তাঁর দল প্রতিদিনের মতো মাছ ধরতে জাল ফেলেন। সকাল ৬টার দিকে জালে তীব্র ঝাঁকুনি অনুভব করলে তারা বুঝতে পারেন বড় কোনো মাছ আটকা পড়েছে। পরে জাল টেনে নৌকায় তুলতেই দেখা যায় বিশাল আকৃতির একটি কাতলা।
মাছটি বিক্রির জন্য দৌলতদিয়া বাজারে রেজাউল মণ্ডলের আড়তে আনা হলে স্থানীয় ব্যবসায়ী ও কৌতূহলী মানুষ ভিড় জমায়। নিলামে মাছটির প্রতি কেজির দাম ওঠে ১ হাজার ৮০০ টাকা। সর্বোচ্চ দরদাতা হিসেবে ফেরিঘাট এলাকার মাছ ব্যবসায়ী চান্দু মোল্লা প্রায় ২৫ কেজি ৫০০ গ্রাম ওজনের মাছটি ৪৫ হাজার ৯০০ টাকায় কিনে নেন।
পরে তিনি মাছটি দৌলতদিয়ার ৫ নম্বর ফেরিঘাটে পানিতে সংরক্ষণ করে বিভিন্ন ক্রেতার সঙ্গে যোগাযোগ করেন। অবশেষে ঢাকার গুলশানের এক ব্যবসায়ীর কাছে কেজিতে ১০০ টাকা লাভে মোট ৪৮ হাজার ৫০০ টাকায় মাছটি বিক্রি করেন।
চান্দু মোল্লা জানান, চলতি মৌসুমে এত বড় কাতলা মাছ তিনি আগে দেখেননি। তাঁর ধারণা, এটি পদ্মা নদীতে ধরা পড়া অন্যতম বড় কাতলা মাছ হতে পারে। দুপুরের দিকে মাছটি ঢাকার উদ্দেশ্যে পাঠিয়ে দেওয়া হয়।
এসআই/আরএন