রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় পদ্মা নদীতে জাটকা সংরক্ষণ সপ্তাহ-২০২৬ উপলক্ষে অভিযান পরিচালনা করা হয়েছে। এ সময় প্রায় ১ লক্ষ মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয় এবং জনসম্মুখে তা পুড়িয়ে ধ্বংস করা হয়।
শুক্রবার (১০ এপ্রিল) সকালে পদ্মা নদীর বিভিন্ন পয়েন্টে এ অভিযান পরিচালিত হয়। অভিযানের নেতৃত্ব দেন গোয়ালন্দ উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. আনোয়ারুল ইসলাম। এ সময় বাংলাদেশ কোস্ট গার্ডের সদস্যরা তাঁর সঙ্গে ছিলেন।
উপজেলা মৎস্য অধিদপ্তর সূত্রে জানা যায়, বাংলাদেশ কোস্ট গার্ডের সদস্য ও উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীদের সমন্বয়ে পদ্মা নদীতে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালে প্রায় ১ লক্ষ মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়। পরে জব্দকৃত জাল জনসম্মুখে অগ্নিসংযোগের মাধ্যমে ধ্বংস করা হয়।
গোয়ালন্দ উপজেলা মৎস্য কর্মকর্তা মো. আনোয়ারুল ইসলাম বলেন, “জাটকা সংরক্ষণ সপ্তাহ-২০২৬ উপলক্ষে পদ্মা নদীতে উপজেলা মৎস্য অফিস ও বাংলাদেশ কোস্ট গার্ডের সমন্বয়ে এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় প্রায় ১ লক্ষ মিটার অবৈধ জাল জব্দ করা হয় এবং তা জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।”
এসআই/আরএন