লক্ষ্মীপুর ১০০ শয্যা সদর হাসপাতালে হামের উপসর্গ নিয়ে ১২ শিশু চিকিৎসাধীন রয়েছে। এরমধ্যে গত ২৪ ঘন্টায় ৩ শিশু ভর্তি হয়েছে। এ নিয়ে গত তিন মাসে হাম উপসর্গ ও হাম শনাক্ত হওয়া ৩৯ জন রোগী চিকিৎসা নিয়েছে।
শনিবার (৪ এপ্রিল) সন্ধ্যায় লক্ষ্মীপুর জেলা সিভিল সার্জন ডা. আবু হাসান শাহীন বিষয়টি নিশ্চিত করেছেন।
সিভিল সার্জন বলেন, হাম উপসর্গ নিয়ে ৩৯ জন রোগীর নমুনা পাঠানো হয়েছে। এর মধ্যে ৪ জনের হাম শনাক্ত হয়েছে। বর্তমানে ১২ জন শিশু হামের উপসর্গ নিয়ে সদর হাসপাতালে ভর্তি রয়েছে। এছাড়া গত ২৪ ঘন্টায় ২ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছে। রোগীর চিকিৎসা নিশ্চিত করতে সদর হাসপাতালে ১০ শয্যার একটি আইসল্যুশেন ওয়ার্ড চালু করা হয়েছে।
শিশু বিশেষজ্ঞ সহকারী অধ্যাপক মোরশেদ আলম হিরু বলেন, লক্ষ্মীপুরে এ মুহুর্তে হাম নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই। আমাদের যে রোগীর সংখ্যা তা নিয়ন্ত্রণের মধ্যে আছে। যে রোগীগুলো ভর্তি হয়েছে তারা মোটামুটি আশঙ্কামুক্ত আছে। তাদের চিকিৎসা চলছে।
আরএইচআর/এসআর