পাবনার চাটমোহরের ফৈলজানা খ্রিস্টান পল্লীতে এক গৃহবধূকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ উঠেছে তার স্বামী ও শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে। এ ঘটনায় পুলিশ মনীষার স্বামী সবুজ মণ্ডলকে আটক করেছে।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, উপজেলার ফৈলজানা গ্রামের উপেন সরকারের মেয়ে মনীষা সরকার (২৫) একই গ্রামের সুবল মণ্ডলের ছেলে সবুজ মণ্ডল (৩২)-এর সঙ্গে আট বছর পূর্বে ভালোবেসে বিয়ে করেন। তাদের সংসারে একটি পুত্র সন্তান রয়েছে। বিয়ের পর থেকেই সবুজ মনীষাকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করতেন বলে অভিযোগ। বুধবার সকালে সবুজ, তার বাবা সুবল মণ্ডল ও মা পরি মণ্ডল মিলে মনীষাকে গলা টিপে শ্বাসরোধ করে হত্যা করে। চাটমোহর থানা পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করেছে।
চাটমোহর থানা অফিসার ইনচার্জ মো. গোলাম সারোয়ার হোসেন জানান, এ ব্যাপারে বুধবার রাতে চাটমোহর থানায় একটি হত্যা মামলা দায়ের করা হলে সবুজকে গ্রেপ্তার দেখিয়ে পাবনা জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
এদিকে সবুজ মণ্ডলের পিতা সুবল মণ্ডল জানান, আমার ছেলের বউ মনীষা ঢাকায় কাজ করত। সম্প্রতি মনীষা শারীরিকভাবে অসুস্থ হলে আমার বড় ছেলের বাসায় রেখে সেখানে চিকিৎসা শেষে ব্যবস্থাপত্র নিয়ে আমার ছেলে সবুজ গত ২৭ মার্চ তাকে ঢাকা থেকে বাড়িতে নিয়ে আসে।
বুধবার (১ এপ্রিল) সকালে মনীষার শারীরিক অবস্থার অবনতি হলে আমরা তাকে পাবনা সদর হাসপাতালে নিয়ে যাই। সকাল ১১টার দিকে সে মারা যায়। দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক জানান, মনীষা অন্তঃসত্ত্বা ছিলেন। প্রাথমিকভাবে মনে হচ্ছে, অ্যাবরশন করানোর ওষুধ ব্যবহারের ফলে অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়েছে।
আরআর/আরএন