মুন্সীগঞ্জের শ্রীনগরে বন্ধুদের সঙ্গে পদ্মা নদীতে গোসল করতে নেমে আরাফাত হোসেন (১৬) নামে এক স্কুলছাত্র নিখোঁজ হয়েছে। ঘটনার ২৪ ঘণ্টা পেরিয়ে গেলেও এখনও তার কোনো সন্ধান পাওয়া যায়নি। নিখোঁজ আরাফাত শ্রীনগর পাইলট উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী বলে জানা গেছে।
মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ শফিকুল ইসলাম জানান, রোববার (২৯ মার্চ) দুপুর আনুমানিক ২টা ৩০ মিনিটে পদ্মা সেতুর ৪ নম্বর পিলারের কাছে চার বন্ধু গোসল করতে নামে। এ সময় তিনজন সাঁতরে তীরে উঠতে পারলেও আরাফাত নিখোঁজ হয়ে যায়।
ঘটনার পরপরই ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধার অভিযান শুরু করে। সোমবার দ্বিতীয় দিনের মতো অভিযান অব্যাহত রয়েছে।
তিনি আরও জানান, নিখোঁজ ব্যক্তিকে উদ্ধার না করা পর্যন্ত ফায়ার সার্ভিসের অভিযান চলমান থাকবে।
এ ঘটনায় এলাকায় উদ্বেগ ও শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা দ্রুত নিখোঁজ শিক্ষার্থীকে উদ্ধারের দাবি জানিয়েছেন।
এইচআই/আরএন