রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস যথাযথ মর্যাদায় উদযাপন করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ মার্চ) সকালে বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী একাডেমিক ভবন-৩-এ জাতীয় সংগীতের সাথে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিবসের শুভ সূচনা করা হয়।
এরপর ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী সকল শহিদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী একাডেমিক ভবন-৩-এ স্থাপিত শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এস. এম. হাসান তালুকদার, প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. সুমন কান্তি বড়ুয়া এবং ট্রেজারার প্রফেসর ড. ফিরোজ আহমদ।
পুষ্পস্তবক অর্পণ শেষে শহীদদের আত্মার শান্তি কামনা করে এক মিনিট নীরবতা পালন করা হয়। এ সময় রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের চেয়ারম্যান, শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
শ্রদ্ধা অর্পণ শেষে এক সংক্ষিপ্ত বক্তব্যে ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এস. এম. হাসান তালুকদার বলেন, যে মহান উদ্দেশ্যে অনুপ্রাণিত হয়ে আমাদের জাতির সূর্যসন্তানেরা মুক্তিযুদ্ধে জীবন দিয়েছেন, ত্যাগ স্বীকার করেছেন এবং স্বাধীনতা অর্জন করেছেন—সেই শোষণ ও দুর্নীতিমুক্ত, সমতা ও ন্যায়ভিত্তিক, সমৃদ্ধ বাংলাদেশ যদি আমরা গড়ে তুলতে পারি এবং সেই উদ্দেশ্যে নিজেদেরকে নিয়োজিত করতে পারি, তাহলেই তাদের আত্মা শান্তি পাবে। যে উদ্দেশ্যে আমরা স্বাধীনতা অর্জন করেছি, সেটি সফল হবে।
উপাচার্য মহোদয় উপস্থিত সবাইকে সেই উদ্দেশ্যে দৃঢ় শপথ গ্রহণ করে উজ্জীবিত হওয়ার আহ্বান জানিয়ে তাঁর বক্তব্য শেষ করেন। এরপর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের পরিবেশনায় একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এসবি/আরএন