ঈদের ছুটি কাটাতে দূর-দূরান্ত থেকে সুন্দরবনে ছুটে আসছেন পর্যটকেরা। পর্যটকদের বাড়তি চাপ সামলাতে হিমশিম খেতে হচ্ছে বন বিভাগকে।
বন বিভাগ সূত্রে জানা যায়, ঈদের ছুটিতে সুন্দরবনের করমজলসহ অন্যান্য পর্যটন স্পটগুলোতে ভিড় ক্রমেই বাড়ছে। মোংলা থেকে সবচেয়ে কাছের ও আকর্ষণীয় স্পট করমজল হওয়ায় এখানে সারা বছরই পর্যটকের আগমন ঘটে। তবে ঈদসহ বিভিন্ন ছুটিতে এই কেন্দ্রে সবচেয়ে বেশি ভিড় লক্ষ্য করা যায়।
করমজলে রয়েছে দেশের একমাত্র কুমির ও কচ্ছপ প্রজনন কেন্দ্র, সুন্দরবনের ইনফরমেশন সেন্টার, দীর্ঘ ফুট ট্রেইল ও পর্যবেক্ষণ টাওয়ার। পাশাপাশি বানর ও হরিণের অবাধ বিচরণ পর্যটকদের আকর্ষণ করে। এছাড়া হাড়বাড়িয়া, হিরণ পয়েন্ট, নীলকমল, কটকা, কচিখালী, আন্ধারমানিক ও দুবলা কেন্দ্রেও পর্যটকদের ভিড় বেড়েছে। ফলে বিভিন্ন বয়সী মানুষের পদচারণায় উৎসবমুখর হয়ে উঠেছে পর্যটন কেন্দ্রগুলো।
বর্তমানে পর্যটন মৌসুমের সঙ্গে ঈদের ছুটি যুক্ত হওয়ায় পর্যটকের সংখ্যা বেড়েছে। এ উপলক্ষে পর্যটন কেন্দ্রগুলোকে আকর্ষণীয় করে তোলার পাশাপাশি কঠোর নিরাপত্তা ব্যবস্থাও নিয়েছে বন বিভাগ।
যশোর থেকে আসা পর্যটক শেখ আবদুল গফুর বলেন, “বইতে পড়েছি সুন্দরবন বিশ্ব ঐতিহ্যবাহী স্থানগুলোর একটি। তাই পরিবার নিয়ে প্রথমবার দেখতে এসেছি। ঘুরে দেখে খুব ভালো লেগেছে।”
রাজধানীর পুরান ঢাকা থেকে আসা মোহাম্মদ আলী বলেন, “আত্মীয়-স্বজন নিয়ে সুন্দরবন ভ্রমণে এসেছি। গাড়ি ও নৌযানে ভ্রমণ করে সবাই মিলে বেশ আনন্দ করেছি।”
করমজল পর্যটন কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আজাদ কবির বলেন, “ঈদের ছুটিতে সুন্দরবনে পর্যটকদের ভিড় বেড়েছে। রমজানে লোকজন কম থাকলেও এখন উপস্থিতি অনেক বেশি। আগতদের নিরাপত্তা নিশ্চিতে আমরা কাজ করছি।”
জেইউ/আরএন